২২ মে কৃষিবিদে ইয়্যুথ টেক সামিট
আগামী ২২ মে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বসছে ইয়্যুথ টেক সামিট। সময়ের সবচেয়ে আলোচিত ও সর্বগ্রাসি প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে দেশের তরুণদের বোঝাপড়া করিয়ে দিতে দিনব্যাপী এই সম্মেলনে থাকছে ৩টি বিশেষায়িত সেমিনার। থাকছে একটি টেকনিক্যাল প্রেজেন্টেশন।
সেমিনারগুলোতে যোগ দিচ্ছেন এই খাতের উদীয়মান ৩০ বক্তা। সম্মেলনে এআই এবং অন্যান্য উদীয়মান নতুন প্রযুক্তির সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে নিজেদের পরিকল্পনা ও কর্মপন্থা তুলে ধরবেন তরুণ এবং সফল প্রযুক্তি উদ্যোক্তারা।
সম্মেলনে অংশ নিতে চলছে আগাম নিবন্ধন। এই লিংকে ক্লিক করে মিলবে নিবন্ধন ফরম। সম্মেলনে বিশেষজ্ঞ বক্তারা তুলে ধরবেন বিশ্বে এআই প্রতিযোগিতায় টিকে থাকতে কী ধরণের দক্ষতা উন্নয়ন প্রয়োজন, প্রশিক্ষণ, ল্যাব, গবেষণা কিংবা সরাকরি-বেসরকারি যৌথ অংশীদারিত্বে করণীয় নীতিমালা প্রণয়ন, অগ্রাধিকার ভিত্তিক উদ্যোগ ইত্যাদি বিষয়ে।
সম্মেলনের আয়োজক হিসেবে আছে বাংলাদেশ ইনোভেশন ফোরাম, জেসিআই বাংলাদেশ, বিআইজেএফ, নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন, বিডিঅ্যাপস, ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ভিসিপিয়াব), ইয়্যুথ ইন টেক, রাইজ অ্যাবাভ অল, বিওয়াইএলসি,জিইএন এবং ড্যাফোডিল নেটওয়ার্ক।







