প্রথমবারের মতো ৯৪ হাজার ডলার পেরোলো বিটকয়েন

২০ নভেম্বর, ২০২৪ ১০:৩২  

প্রথমবারের মতো ৯৪ হাজার ডলারের মাইলফলক অতিক্রম করেছে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন। ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানির সঙ্গে ক্রিপ্টো ট্রেডিং ফার্ম বাক্ট অধিগ্রহণ নিয়ে আলোচনার খবর বাজারে আসতেই এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। খবর রয়টার্স।

খবরে বলা হয়, বিশ্বের বৃহত্তম এবং সর্বাধিক পরিচিত এই ক্রিপ্টোকারেন্সি চলতি বছরে দ্বিগুণের বেশি বৃদ্ধি পেয়েছে। বুধবার এশীয় সময়ে বিটকয়েন ৯২ হাজার ১০৪ ডলারে লেনদেন চলছিলো, যেখানে আগের সেশনের শেষদিকে বিটকয়েনের সর্বোচ্চ মূল্য ৯৪ হাজার ৭৮ ডলার স্পর্ষ করেছিলো।

ফিন্যান্সিয়াল টাইমসের মতে, ট্রুথ সোশ্যালের মালিকানা প্রতিষ্ঠান ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ (টিএমটিজি) ক্রিপ্টো ট্রেডিং ফার্ম বাক্ট অধিগ্রহণের জন্য চুক্তি করতে যাচ্ছে। বাক্ট নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের মালিকানা প্রতিষ্ঠান ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জ (আইসিই)-এর একটি সহযোগী প্রতিষ্ঠান।

৫ নভেম্বরের মার্কিন নির্বাচনের পর থেকে ক্রিপ্টোকারেন্সি বাজারে দ্রুত উত্থান ঘটেছে। বাজারে আশা করা হচ্ছে, ট্রাম্প প্রশাসনের সমর্থনে ডিজিটাল সম্পদের জন্য বন্ধুত্বপূর্ণ নীতিমালা আসতে পারে, যা বিটকয়েনের জন্য নতুন প্রণোদনা তৈরি করবে।

কয়েনজেকোর ডেটা অনুসারে, গ্লোবাল ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মূল্য বর্তমানে ৩ ট্রিলিয়ন ডলার অতিক্রম করেছে, এটিও একটি নতুন রেকর্ড।

ডিবিটেক/বিএমটি