এবার সাইবারযুদ্ধ জয়ের প্রত্যয়
ডিজিটাল বাংলাদেশ দিবসে ভুয়া খবর বিষয়ে সকলকে সচেতন করার মধ্য দিয়ে সাইবার যুদ্ধেও জয়ী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বক্তারা। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) আইসিটি বিভাগের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় এই শপথ ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সামজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া খবর ছড়ানো এখন শুধু আমাদের দেশের বিষয় নয়, সারা বিশ্বে এই ঘটনা ঘটছে। বিশ্বও কিভাবে এইটা মোকাবেলা করবে সেটা নিয়ে কাজ করছে। সামজিক যোগাযোগ মাধ্যমে কোন কিছু শেয়ার করার আগে আমাদের বিষয়টার সঠিক তথ্য জেনে তারপর শেয়ার করা উচিত। তাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতনতার বিকল্প নেই।
এ সময় তিনি আরো বলেন, আইসিটির ব্যাপক কর্মসূচি সারা বাংলাদেশে পরিচালিত হচ্ছে। বেড়েছে মোবাইল ব্যবহার, পাশাপাশি বেড়েছে ইন্টারনেট ব্যবহারকারী। তরুণ প্রজন্মকে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কর্মমুখী করে তুলতে হবে। দেশকে এগিয়ে নিতে হলে নারীদের ডিজিটাল শিক্ষার আওতার বাহিরে রাখা যাবে না। সরকার নারীদের জন্য নানা কার্যক্রম পরিচালনা করছে। ই-লার্নিংকে গ্রাম অঞ্চলে পৌঁছে দিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, দেশে এখন ১০ কোটি ইন্টারনেট ব্যবহারকারী দিন দিন এই সংখ্যা আরো বাড়ছে। দেশে ৫৮৬৫ ডিজিটাল সেন্টারে ১৫০ মত ডিজিটাল সেবা পাওয়া যাচ্ছে। প্রতিমাসে ৬০ লক্ষ মানুষ এই সেবা পাচ্ছে। এর ফলে অর্থ অপচয়, প্রতারণা, হয়রানি, দুর্নীতি কমেছে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী চেয়েছে একটি বৈষম্যমূলক রাষ্ট্র গঠন করতে। এর ফলে আজ একটি বৈষম্যমূলক ডিজিটাল রাষ্ট্র গঠন করা সম্ভব হয়েছে। আমাদের অর্জন অনেক, সম্ভাবনাও অনেক। আমাদের ৭০ শতাংশ মানুষ তরুণ যাদের বয়স ৩৫ বছরের নিচে। এই তরুণরা আগামী দিনে ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করে দেশকে আরো এগিয়ে নিয়ে যাবে।
পলক বলেন, আমাদের পরিবার, রাষ্ট্র, ব্যক্তি, প্রতিষ্ঠান সবাইকে নিরাপদ রাখতে হলে আমাদের সাইবার সিকিউরিটিতে আরো সচেতন হতে হবে। আজকে জিজিটাল লেনদেন, পেপার বিহীন অফিস সবই সম্ভব হয়েছে দেশ ডিজিটাল হওয়ার কারনে। তাই ডিজিটাল স্পেসকে সুরক্ষা রাখতে হবে। তাই ইন্টারনেটে শেয়ার করার আগে, নিজে যাচাই করে নিন। যেভাবে আমরা দেশ স্বাধীন করছি, যেভাবে সাইবার যুদ্ধেও আমরা জয়ী হবো।
অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক এ. বি. এম. আরশাদ হোসেন বলেন, ইন্টারনেটে কোন কিছু শেয়ার করার আগে যদি যাচাই না করা হয় তাহলে জাতি অনেক সমস্যার মুখে পরতে পারে। তাই শেয়ার করার আগে বুঝে শুনে শেয়ার করুন। চর্তুথ শিল্প বিল্পবে প্রযুক্তি আমাদের অনেক সহযোগিতা করবে।
অনুষ্ঠানে আইসিটি বিভাগের সচিব এন এম জিয়াউল আলম, হাইটেকপার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম, এটুআই প্রকল্পের পলিসি অ্যাডভাইজার আনির চৌধুরীসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।