অস্ট্রেলিয়ায় নিষেধাজ্ঞার বিরুদ্ধে রেডিটের মামলা
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার বিরুদ্ধে দেশটির হাই কোর্টে মামলা করেছে অনলাইন ফোরাম রেডিট। রয়টার্সের বরাতে জানা গেছে, রেডিট এ আইনকে অস্ট্রেলিয়ার সংবিধানবিরোধী বলে দাবি করেছে এবং এটি স্বাধীন রাজনৈতিক মতপ্রকাশে অযাচিত হস্তক্ষেপ বলে অবিহিত করেছে। খবর এনগ্যাজেট।
রেডিট আরও যুক্তি দিয়েছে, আইনের সংজ্ঞা অনুযায়ী তারা আদৌ সামাজিক যোগাযোগমাধ্যম নয়, ফলে এই নিষেধাজ্ঞার আওতায় তাদের অন্তর্ভুক্ত করা ঠিক হয়নি। বিশ্লেষকদের মতে, এ মামলা দীর্ঘ আইনি লড়াইয়ের সূচনা করতে পারে, কারণ অস্ট্রেলিয়ায় রেডিটের ব্যবহারকারী সংখ্যা উল্লেখযোগ্য।
বিশ্বে প্রথমবারের মতো চালু হওয়া এ বয়সভিত্তিক নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে ১০ ডিসেম্বর। আইন অনুযায়ী, রেডিটসহ ১০টি প্ল্যাটফর্মকে অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের প্রবেশ ঠেকাতে হবে, নচেৎ সর্বোচ্চ ৪ কোটি ৯৫ লাখ অস্ট্রেলীয় ডলার জরিমানার ঝুঁকি রয়েছে। বয়স যাচাইয়ে সেলফি ও ব্যবহারভিত্তিক অনুমানসহ বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হচ্ছে।
তবে রেডিট বলছে, এতে ব্যবহারকারীদের গোপনীয়তা ও রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হবে। বিপরীতে অস্ট্রেলিয়া সরকার অভিযোগ করেছে, শিশুদের অধিকার নয়, বরং নিজেদের ব্যবসায়িক স্বার্থ রক্ষাতেই রেডিট এ মামলা করেছে। উল্লেখ্য, কানাডা, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের পর অস্ট্রেলিয়াই রেডিটের চতুর্থ বৃহত্তম বাজার।
ডিবিটেক/বিএমটি







