স্যামসাং পে’তে আন্তর্জাতিক মানি ট্রান্সফার সুবিধা

৪ অক্টোবর, ২০১৯ ০০:৩৫  
অ্যাপল পে এবং গুগল পে’কে টেক্কা দিতে প্রায়ই নতুন সেবা যুক্ত করছে স্যামসাংয়ের ট্যাপ-টু-পে সেবা ‘স্যামসাং পে’। এনএফসি সম্বলিত স্মার্টফোনের জন্য তৈরি এই পেমেন্ট সেবা গতবছর পেপালের সহায়তা পায় এবং নিউ ইয়র্ক সিটিতে পরিবহন টিকিট কেনার সুযোগ উন্মুক্ত করে। এবার আন্তর্জাতিক মানি ট্রান্সফার সুবিধা এনেছে কোম্পানিটি। খবর এনগ্যাজেট। মূলত যারা নিয়মিত ভ্রমণ করেন এবং যাদের পরিবার যুক্তরাষ্ট্রের বাইরে আছে তাদের জন্য এই ক্রস-বর্ডার পেমেন্ট ফিচারটি আনা হয়েছে। প্রাথমিকভাব স্যামসাং পে ব্যবহার করে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা বিশ্বের ৪৭টি দেশে টাকা পাঠাতে পারবেন। প্রাপকরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে অথবা ক্যাশ সংগ্রহ করতে পারবেন। স্যামসাং জানিয়েছে, যুক্তরাষ্ট্রে এটিই প্রথম ইন-অ্যাপ ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার সেবা, যা ন্যাটিভ মোবাইল ওয়ালেটের সাথে যুক্ত। ট্রাভেলেক্স নামের ফরেইন এক্সচেঞ্জ কোম্পানির সহায়তায় নতুন এই সেবা চালু করা হয়েছে। আগামী বছর নাগাদ আরও অনেক দেশ যুক্ত হবে এই সেবায়। ডিবিটেক/বিএমটি