বঙ্গবন্ধুর অসমাপ্ত সাংস্কৃতিক বিপ্লবকে সুসমাপ্ত করতে কাজ করছে আইসিটি বিভাগ : প্রতিমন্ত্রী
‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’-স্লোগানে প্রতি বছরের মতো এবারও চিলড্রেন’স্ ফিল্ম সোসাইটি বাংলাদেশের আয়োজনে শুরু হলো ‘১৫তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ ২০২২’। শনিবার (৫ মার্চ) অনলাইনে সংযুক্ত হয়ে উৎসবের উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, কেবল ইন্টারনেট সংযোগ দেয়া বা হাইটেক পার্ক করাই আইসিটি বিভাগের কাজ নয়। এর বাইরেও নতুন নতুন শিল্প গড়ে তোলা আমাদের অন্যতম দায়িত্ব। সেই লক্ষ্যেই মোবাইল অ্যাপ ও গেম তৈরিতে আমরা একটি প্রকল্প হাতে নিয়েছি। উদ্যোগ নিয়েছি এনিমেশন ফিল্ম তৈরির।
তিনি বলেন, একটি ৫ মিনিটের চলচ্চিত্র সমাজে যে ভূমিকা রাখতে পারে ১০ ঘণ্টা ধরে রাজনৈতিক বক্তব্য দিয়েও আমরা সেই কাজটা করতে পারি না। সে কারণেই ভিশন ২০৪১ নাগাদ উদ্ভাবনী জতি গড়ে তুলতে আমাদের প্রয়োজন একটি সাংস্কৃতিক বিপ্লব। মানুষের মধ্যে মানবিকতা জাগ্রত করতে এই ধরনের কার্যক্রমকে উৎসাহিত করতে হবে। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও নির্দেশনায় আইসিটি বিভাগ বঙ্গবন্ধুর অসমাপ্ত সাংস্কৃতিক বিপ্লবকে সুসমাপ্ত করতে আমরা হাসিনা অ্যান্ড ফ্রেন্ডস নামে ১২ পর্বের গেম করছি। এর মাধ্যমে শিশুরা নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা পাবে।
পলক বলেন, প্রতিবছর এই ফেস্টিভ্যাল করতে আইসিটি বিভাগের বিশেষ বরাদ্দ থাকবে। ৬৪টি জেলার দ্বিতল মুক্তিযোদ্ধা কমপ্লেক্সকে চার তলা ভবনে রূপান্তর করে সেখানে ২০০-৩০০ আসনে ভারত-বাংলাদেশ এ্যডুকেশন ট্রেইনিং অ্যান্ড এন্টারটেইনমেন্ট সেন্টার গড়ে তুলে একটি সুস্থ্য ও সবল একটি প্রজন্ম গড়ে তোলা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিলড্রেন’স্ ফিল্ম সোসাইটি বাংলাদেশের সভাপতি ড. মুহম্মদ জাফর ইকবাল। উপস্থিত ছিলেন চিলড্রেন’স্ ফিল্ম সোসাইটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক মোরশেদুল ইসলাম ফিল্প আর্কাইভের মহাপরিচালক নিয়াজুল হক, সোসাইটির সাধারণ সম্পাদক মুনীরা মুন্নী, অধ্যাপিকা ইয়াসমিন হক ও পরিচালক শাহরিয়ার আল মামুন।
আগামী শুক্রবার (১১ মার্চ) পর্যন্ত ঢাকার আগারগাঁও বাংলাদেশ ফিল্ম আর্কাইভে চলবে অনুষ্ঠিত হবে। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে এবারের উৎসবে ঢাকায় ১টি ভেন্যুতেই প্রায় ৩৮টি দেশের ১১৭টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে আজকের দিন ছাড়া প্রতিদিন সকাল ১১টা, দুপুর ২টা, বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টায়, মোট ৪টি প্রদর্শনী হবে।