প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ৬০ লাখ টাকা অনুদান

১০ মে, ২০২০ ১৮:১৩  
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে এই অনুদান গ্রহণ অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুদানের চেক গ্রহণ করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের পক্ষ থেকে ৬০ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মোঃ নূর-উর রহমান। ডাক অধিদপ্তরের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র, ডাক বিভাগের আর্থিক লেনদেন সেবা “নগদ” এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। এসময় সচিব জানান, এই দুর্যোগে দেশের সকল মানুষের সেবা নিশ্চিত করার জন্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের নেতৃত্বে জরুরী সেবা হিসেবে ডাক ও টেলিযোগাযোগ সেবাকে নিরবিচ্ছন্ন রাখতে সকলে একসঙ্গে করোনা যুদ্ধে সামিল হয়েছে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ মহামারী মোকাবেলায় তার ত্রাণ ও কল্যাণ তহবিলে দেশের ৫৭টি প্রতিষ্ঠান, সংস্থা এবং ব্যক্তির কাছ থেকে অনুদানের চেক গ্রহণ করেন। এর মধ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরনারি এন্ড এনিমেল সায়েন্স ইউনিভার্সিটি,বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ, সড়ক ও জনপথ ডিপ্লোমা প্রকৌশলী সমিতি, বঙ্গবন্ধু পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি, বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ক্লাব লিমিটেড, বুয়েট টিচার্স এসোসিয়েশনের পক্ষ থেকেও অনুদানের চেক হস্তান্তর করা হয়।