দেশীয় মাছ প্রজননে নতুন প্রযুক্তি

২৫ জুন, ২০২০ ২২:০৯  
বিলুপ্ত প্রায় ২২টি প্রজাতির দেশীয় মাছ প্রজননের জন্য নতুন প্রযুক্তি উদ্ভাবন করছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটি এ পর্যন্ত মাছ চাষের উপর ৬৪টি নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছে। যা এসব মাছের বিলুপ্তিরোধে কাজ করবে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের মিলনায়তনে আয়োজিত এক কর্মশালায় এসব তথ্য প্রকাশ করা হয়। বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের বার্ষিক গবেষণা অগ্রগতি ও গবেষণা প্রকল্প প্রণয়ন সংক্রান্ত আঞ্চলিক এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন- মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ, খুলনার উপ-পরিচালক মোহা. মজিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ, খুলনার সাবেক কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজার শেখ শফিকুর রহমান, লোনা পানি মৎস্য গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিলুফা বেগম। গবেষণা কেন্দ্রের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা এইচ এম রাকিবুল ইসলাম, ড. এএসএম তানবিরুল হক, বৈজ্ঞানিক কর্মকর্তা এমডি শরিফুল ইসলাম গবেষণা প্রকল্পের ফলাফল ও সম্ভানা সম্পর্কে অবহিত করেন।