ই-রিটার্ন দাখিল ছাড়ালো ৫ লাখের মাইলফলক

২৫ নভেম্বর, ২০২৪ ১৮:২৪  

২০২৪-২৫ করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে। আর অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের উদ্দেশ্যে ১২ লাখ ৫০ হাজার করদাতা রেজিস্ট্রেশন নিবন্ধন নিয়েছেন।

সোমবার (২৫ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

এনবিআর জানায়, গত অর্থবছরের এই সময়ে অনলাইনে রিটার্ন দাখিলের সংখ্যা ছিল ২ লাখ ১৭ হাজার ৪৭১টি। সেখানে চলতি বছরে এখন পর্যন্ত অনলাইনে রিটার্ন দাখিলের সংখ্যা ৫ লাখ অতিক্রম করেছে। প্রবৃদ্ধি হয়েছে ১২৯ শতাংশ। একইসঙ্গে অনলাইনে রিটার্ন দাখিলের জন্য রেজিস্ট্রেশনের সংখ্যা ১২ লাখ ৫০ হাজার অতিক্রম করেছে।

এরইমধ্যে সব তফশিলি ব্যাংক, সব মোবাইল টেলিকম প্রতিষ্ঠান, কয়েকটি মাল্টিন্যাশনাল কোম্পানির প্রতিনিধি, আয়কর আইনজীবী এবং প্রশিক্ষণপ্রার্থী করদাতাসহ প্রায় ২ হাজার ৪০০ জনকে রিটার্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর ফলে ব্যক্তিশ্রেণির করদাতারা সহজে এবং দ্রুত ২০২৪-২৫ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করতে পারছে। একই সঙ্গে দাখিল করা রিটার্নের কপি, প্রাপ্তি স্বীকারপত্র, আয়কর সনদ, টিআইএন সনদ ডাউনলোড ও প্রিন্ট করতে পারছেন।

এনবিআর জানায়, ই-রিটার্ন সিস্টেমকে অধিকতর করদাতাবান্ধব করণের জন্য ইতোমধ্যে রেজিস্ট্রেশন পদ্ধতির আপডেট করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট ব্যবহার করে ব্যক্তিশ্রেণির করদাতারা সহজে এবং দ্রুত তাঁদের রিটার্ন তৈরি করে অনলাইনে দাখিল করতে পারছেন। এ সিস্টেম হতে ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করদাতারা কর পরিশোধ করতে পারছেন এবং দাখিল করা রিটার্নের কপি, প্রাপ্তি স্বীকারপত্র, আয়কর সনদ, টিআইএন সনদ ডাউনলোড ও প্রিন্টের সুবিধা পাচ্ছেন। এছাড়া পূর্ববর্তী বছরের দাখিলকৃত ই-রিটার্ন ডাউনলোড ও প্রিন্ট করতে পারছেন।