অ্যাসোসিও অ্যাওয়ার্ড পেলো আইডিয়া প্রকল্প, ডাটাসফট ও ই-জেনারেশন
বাংলাদেশের ৩টি প্রতিষ্ঠান ও উদ্যোগকে আন্তর্জাতিক সম্মাননা দিয়েছে তথ্যপ্রযুক্তিতে এশিয়ার অন্যতম বৃহৎত্তম সংগঠন ‘এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন (অ্যাসোসিও)।
এরমধ্যে আইসিটি এডুকেশন অ্যাওয়ার্ড পেয়েছে ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্প (আইডিয়া)’ প্রকল্প। আউটস্ট্যান্ডিং আইসিটি কোম্পানি অ্যাওয়ার্ড পেয়েছে ডাটাসফট ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাসেম্বিলিং ইনকরপোরেশন লিমিটেড। এছাড়াও আউটস্ট্যান্ডিং ইউজার অর্গানাইজেশন অ্যাওয়ার্ড জিতেছে ই-জেনারেশন।
মঙ্গলবার মালয়েশিয়ার কুয়ালালামপুরের কানেকশন কনফারেন্স অ্যান্ড ইভেন্ট সেন্টারে অনুষ্ঠিত ‘২০১৯ অ্যাসোসিও-পিকম ডিজিটাল সামিট’ অনুষ্ঠানে এই পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠানে ডাটাসফটের ব্যবস্থাপনা পরিচালক রতন হাসন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সাবেক নির্বাহী পরিচালক ও ই-জেনারেশন গ্রুপের ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল ইসলাম এবং বিসিএস এর প্রতিনিধি হিসেবে অ্যাসোসিও’র সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ এইচ কাফী উপস্থিত ছিলেন।
আইসিটি এডুকেশন ক্যাটাগরিতে তথ্যপ্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এই আইডিয়া প্রকল্পের পরিচালক সৈয়দ মজিবুল হক ডিজিবাংলা-কে বলেন, বিভিন্ন কারণে আমরা অনুষ্ঠানে যেতে না পারায় বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এই সম্মাননা গ্রহণ করেছে। সম্মাননা প্রাপ্তিতে অ্যাসোসিও, বিসিএস এবং অ্যাসোসিও অ্যাওয়ার্ড নির্বাচন কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি।
এ বিষয়ে বিসিএস সভাপতি শাহীদ-উল-মুনির ডিজিবাংলা-কে বলেন, অসুস্থতার কারণে তিনি এবং ভিসা জটিলতায় কয়েকজন অনুষ্ঠানে যোগ দিতে পারেন পারেননি।
ই-জেনারেশন চেয়ারম্যান শামীম আহসান এই স্বীকৃতিতে উচ্ছ্বাস প্রকাশ করে এই অর্জনের কৃতিত্ব ই-জেনারেশন পরিবারের সকলের সম্মিলিত প্রচেষ্টার ফসল বলে মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশের পতাকাকে বিশ্ব দুয়ারে মেলে ধরতে আমরা দীর্ঘদিন ধরেই প্রচেষ্টা করছি।