এবার দেশেই তৈরি হবে এআই ও আইওটি ভিত্তিক স্মার্ট লাইটিং এবং হোম অটোমেশন ডিভাইস
গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কে এবার গড়ে উঠছে এআই ও আইওটি ভিত্তিক স্মার্ট লাইটিং এবং হোম অটোমেশন পণ্য উৎপাদনের কারখানা। পর্কের ৬ নম্বর ব্লকের ১১ নম্বর প্লটে আড়াই একর জমিতে স্থাপিত হচ্ছে এই কারখানাটি। কারখানাটি স্থাপন করছে আধুনিক বৈদ্যুতিক পণ্যের আমদানিকারক ও বিক্রেতা প্রতিষ্ঠান হেভেন্স লাইট প্রাইভেট লিমিটেড।
এখান থেকেই আগামী মার্চে স্মার্ট লাইট, স্মার্ট সুইচ, ড্রাইভার, কন্ট্রোল বোর্ড এবং সংশ্লিষ্ট সফটওয়্যার ডেভেলপমেন্টে দেশীয় প্রযুক্তির ঝাড়বাতি, এলইডি বাল্ব, স্ট্রিট লাইট, এলইডি টিউব লাইট, ওয়াল লাইট এবং ডিমার ও সুইচসহ বিভিন্ন ধরণের আলোক প্রযুক্তির ডিভাইস উৎপাদ শুরু হবে।
২ ডিসেম্বর, মঙ্গলবার বিকেলে এই কারখানাটির নির্মাণকাজের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। এসময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শাহজালাল মাসুম, ব্যবস্থাপনা পরিচালক শাহ জুবায়ের, পরিচালক শাহ আবুল হাসান এসময় উপস্থিত থাকবেন।
প্রতিষ্ঠানটির সূত্রে প্রকাশ, আগামী এক বছরে তারা প্রায় ৫০ কোটি টাকা বিনিয়োগ এবং ৩০০–৪০০ জনের কর্মসংস্থান হবে এই কারখানায়।
ডিবিটেক/আইএইচ/ইকে



