ডিডিএন কার্যালয়ে হামলা ও চাঁদা দাবির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি; অন্যথায় চট্টগ্রাম বিভাগে ইন্টারনেট সেবা বন্ধের হুঁশিয়ারি আইএসপিএবির
চট্টগ্রামে আইএসপি কার্যালয়ে হামলা: ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম
চট্টগ্রামে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেট (ডিডিএন)-এর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও চাঁদা দাবির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। সংগঠনটি সতর্ক করে বলেছে, নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে জনস্বার্থ বিবেচনায়ও চট্টগ্রাম বিভাগে ইন্টারনেট সেবা বন্ধ রাখতে বাধ্য হতে পারে।
চট্টগ্রামে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেট (ডিডিএন)-এর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও চাঁদা দাবির ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে দোষীদের আইনের আওতায় আনা না হলে চট্টগ্রাম বিভাগে ইন্টারনেট সেবা স্থগিত রাখার কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
১৪ জুলাই, মঙ্গলবার, চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আইএসপিএবি চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক রাজিব শাহরিয়ার রুবেন্স বলেন, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে চাঁদাবাজি, হুমকি ও হয়রানির ঘটনা বেড়ে চলেছে। এটি শুধু একটি প্রতিষ্ঠানের সমস্যা নয়; পুরো আইএসপি খাতের নিরাপত্তার জন্য বড় সংকট।
সংবাদ সম্মেলনের পর বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক কর্মকর্তা-কর্মচারী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন।
ডিডিএন কর্তৃপক্ষ জানায়, গত শনিবার প্রতিষ্ঠানের মালিক আদিল বিন মামুনের কাছে বিদেশি নম্বর থেকে 'ডেভিড ইমন' পরিচয়ে এক ব্যক্তি হোয়াটসঅ্যাপে কল করে এককালীন দুই কোটি টাকা এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরদিন তিনি দাবি প্রত্যাখ্যান করলে সোমবার দুপুরে ৩০ থেকে ৩৫ জন অস্ত্রধারী হামলাকারী কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর, লুটপাট এবং নগদ অর্থ ও বিভিন্ন সরঞ্জাম নিয়ে যায়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মো. শওকত আলী জানান, হামলায় জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তবে মঙ্গলবার বিকেল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাদের অধিকাংশের বয়স ১৬ থেকে ২৫ বছরের মধ্যে এবং তারা মুখোশ পরে হামলায় অংশ নেয়। পুলিশের ধারণা, বাকলিয়া ও চকবাজার এলাকার স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা এ ঘটনায় জড়িত থাকতে পারে।
পুলিশের একাধিক কর্মকর্তা জানান, 'ডেভিড ইমন' পরিচয়ে চাঁদা দাবি করা ব্যক্তি পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী মোবারক হোসেন। তদন্তে উঠে এসেছে, বড় সাজ্জাদ গ্রুপের সহযোগীরা বিভিন্ন এলাকা থেকে তরুণদের দলে ভিড়িয়ে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের কাছে চাঁদা দাবি ও হুমকি দিয়ে আসছে।
আইএসপিএবি চার দফা দাবি জানিয়েছে। দাবিগুলো হলো—ডিডিএন কার্যালয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি, সব আইএসপি প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দ্রুত তদন্ত ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ।
রাজিব শাহরিয়ার রুবেন্স বলেন, দেশের অর্থনীতি, সরকারি-বেসরকারি প্রশাসন, ব্যাংকিং, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নাগরিক সেবার বড় অংশ এখন ইন্টারনেটনির্ভর। ফলে ইন্টারনেট অবকাঠামোর ওপর হামলা শুধু একটি প্রতিষ্ঠানের ক্ষতি নয়, দেশের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করারও শামিল।
তিনি বলেন, জনস্বার্থে এখনো ইন্টারনেট সেবা চালু রাখা হয়েছে। তবে ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করা না হলে চট্টগ্রাম বিভাগে ইন্টারনেট সেবা বন্ধ রেখে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে আইএসপি খাত।
//ডিবিটেক/টিওএসটি/ইডি//





