পূর্বাচলের প্রদর্শনীতে স্মার্ট ম্যানুফ্যাকচারিং ও ইআরপি সমাধান

এআইয়ে বদলাচ্ছে পোশাকশিল্পের উৎপাদন

  • এআই, অটোমেশন ও স্মার্ট ম্যানুফ্যাকচারিংয়ে বদলাচ্ছে টেক্সটাইল শিল্প
  • পূর্বাচলে প্রদর্শিত হচ্ছে ইআরপি ও ডিজিটাল সাপ্লাই চেইন প্রযুক্তি
  • দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তুলে ধরছে ইন্ডাস্ট্রি ৪.০ সমাধান

এআইয়ে বদলাচ্ছে পোশাকশিল্পের উৎপাদন
৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১৫  

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন, স্মার্ট ম্যানুফ্যাকচারিং ও ডিজিটাল সাপ্লাই চেইন প্রযুক্তির ব্যবহারে বাংলাদেশের টেক্সটাইল ও অ্যাপারেল শিল্পে উৎপাদনপ্রক্রিয়া দ্রুত পরিবর্তিত হচ্ছে। উৎপাদনশীলতা ও ব্যবসায়িক দক্ষতা বাড়াতে ঢাকার পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফইসি) চলছে ২৫তম ‘টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশনস’।

প্রদর্শনীর বি-হলে স্থাপিত ‘ডিজিটাল ট্রান্সফরমেশন প্যাভিলিয়ন’ হয়ে উঠেছে প্রযুক্তিনির্ভর উৎপাদন ও ব্যবসায়িক ব্যবস্থাপনা সমাধান প্রদর্শনের অন্যতম কেন্দ্র। ২ থেকে ৫ সেপ্টেম্বর চার দিনব্যাপী এই প্রদর্শনীতে টেক্সটাইল ও অ্যাপারেল শিল্পের জন্য সফটওয়্যার, এআই এবং এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) সমাধান তুলে ধরা হচ্ছে।

প্যাভিলিয়নে অটোমেশন, ইন্ডাস্ট্রি ৪.০, স্মার্ট ম্যানুফ্যাকচারিং, ইআরপি সিস্টেম এবং ডিজিটাল প্রোডাক্ট ডেভেলপমেন্ট প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। অংশ নেওয়া প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সফটফাইবিডি লিমিটেড (SoftifyBD Ltd), বি ডেটা (Be Data), প্রফিসিয়েন্ট ইনফরমেশন সিস্টেম (Proficient Information System), গেটওয়ে সফটওয়্যার (Gateway Software), ট্যালি সলিউশনস (Tally Solutions), ফ্লিক (Fleek), আমার টেক (Amar Tech) ও গো সোর্সিং (Go Sourcing)।

প্রদর্শনীর প্রযুক্তিগুলোর মূল লক্ষ্য উৎপাদনপ্রক্রিয়াকে ডেটাভিত্তিক করা, বিভিন্ন ধাপে অটোমেশন বাড়ানো এবং উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাপনায় দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তৈরি করা। এআই ও অটোমেশনের মাধ্যমে পণ্যের মান নিয়ন্ত্রণ, উৎপাদন দক্ষতা এবং সময় ব্যবস্থাপনার বিভিন্ন সমাধানও প্রদর্শন করা হচ্ছে।

প্যাভিলিয়নটি কারখানা মালিক, অ্যাপারেল উৎপাদক, সোর্সিং পেশাজীবী, টেক্সটাইল বিশেষজ্ঞ, তথ্যপ্রযুক্তি নেতৃত্ব, মার্চেন্ডাইজার ও ডিজাইনারদের জন্য প্রযুক্তি প্রদর্শন ও মতবিনিময়ের কেন্দ্রে পরিণত হয়েছে। দর্শনার্থীরা সরাসরি বিভিন্ন ডিজিটাল সমাধানের কার্যকারিতা দেখার সুযোগ পাচ্ছেন।

বিশ্ববাজারে প্রতিযোগিতা ধরে রাখতে টেক্সটাইল ও অ্যাপারেল শিল্পে ডিজিটাল রূপান্তর গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। বিশেষ করে উৎপাদন, মজুত, সরবরাহ, পণ্য উন্নয়ন ও ব্যবসায়িক ব্যবস্থাপনায় সমন্বিত সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে শিল্পপ্রতিষ্ঠানগুলোকে আরও ডেটাভিত্তিক করার সুযোগ তৈরি হচ্ছে।

আয়োজকদের মতে, দেশের পোশাক ও টেক্সটাইল খাতে ইন্ডাস্ট্রি ৪.০ প্রযুক্তির ব্যবহার বাড়াতে স্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর এ ধরনের সমাধান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

২৫তম ‘টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশনস’ শনিবার শেষ হওয়ার কথা রয়েছে। শিল্পসংশ্লিষ্ট পেশাজীবীদের পূর্বাচলের বিসিএফইসির বি-হলে ‘ডিজিটাল ট্রান্সফরমেশন প্যাভিলিয়ন’ পরিদর্শনের আহ্বান জানানো হয়েছে।
//ডিবিটেক/এনএপি/এমআইএস/এসএমই//