গবেষণার উদ্ভাবন জনগণের হাতে পৌঁছে দিতে হবে: মন্ত্রী

গবেষণার উদ্ভাবন জনগণের হাতে পৌঁছে দিতে হবে:  মন্ত্রী
২ জুন, ২০২৬ ১৯:০২  

বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, বিজ্ঞান ও শিল্প গবেষণায় উদ্ভাবিত পরিশ্রমের ফসল জনগণের হাতে তুলে দিতে হবে। গবেষণালব্ধ পণ্য ও উদ্ভাবনকে বাজারজাত করে সাধারণ মানুষের কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

২ জুন, মঙ্গলবার, ঢাকায় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) পরিদর্শনকালে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিসিএসআইআরের গবেষণালব্ধ পণ্য ও কার্যক্রম স্থানীয় তরুণ উদ্যোক্তাদের সামনে তুলে ধরতে হবে, যাতে তারা এসব উদ্ভাবনকে কাজে লাগিয়ে নতুন ব্যবসা ও শিল্প উদ্যোগ গড়ে তুলতে পারে।

তিনি আরও বলেন, “বিসিএসআইআরের গবেষণায় উদ্ভাবিত রিসোর্স মার্কেটাইজ করতে হবে, বাজারজাত করতে হবে।” কর্মকর্তা-কর্মচারীদের উৎসাহ দিতে তিনি নিয়মিত প্রতিষ্ঠানটি পরিদর্শনের আশ্বাসও দেন।

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, লক্ষ্য স্থির করে দায়িত্ব পালন করতে হবে এবং আজকের কাজ আজকের মধ্যেই সম্পন্ন করার মানসিকতা গড়ে তুলতে হবে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে বিসিএসআইআরের চেয়ারম্যান ড. সামিনা আহমেদ সংস্থাটির কার্যক্রম, ব্যবস্থাপনা এবং আওতাধীন বিভিন্ন ইউনিটের কর্মকাণ্ড নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন।

এ সময় বিসিএসআইআরের সদস্যবৃন্দ, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে মন্ত্রী বিসিএসআইআরের ১২টি ইউনিটের উদ্ভাবিত পণ্যের নমুনা পরিদর্শন করেন। পাশাপাশি সংস্থাটির ভ্রাম্যমাণ ভ্যানও ঘুরে দেখেন।

পরে বিসিএসআইআরের বিজ্ঞানীদের সঙ্গে পৃথক এক মতবিনিময় সভায় অংশ নিয়ে মন্ত্রী তাঁদের পেশাগত বিভিন্ন দাবি-দাওয়া আইন ও বিধি অনুযায়ী সমাধানের আশ্বাস দেন।

/ডিবিটেক/এমএএএম/এমইউআইএম/