২০ বছরেও সচল দেশের প্রথম সাবমেরিন ক্যাবল
অনাড়ম্বর আয়োজন কক্সবাজারে দেশের প্রথম সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের ২০ বছর পূর্তি উদযাপন করলো দেশে আন্তর্জাতিক ব্যান্ডউইথ সরবারহকারী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি। দুই দশকের সফল ও লাভজনক যাত্রার মাইলফলক স্মরণে কেক কাটেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা।
২৩ মে, শনিবার কক্সবাজারের ঝিলংঝাস্থিত ল্যান্ডিং স্টেশন কার্যালয়ে এই আয়োজন করা হয়। একই সময়ে ঢাকার প্রধান কার্যালয়েও কেক কাটেন বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ আসলাম হোসেন। কক্সবাজারে অনুষ্ঠানে নেতৃত্ব দেন স্টেশনের প্রধান কর্মকর্তা ও উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. তারিকুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা স্মরণ করেন ২০০৬ সালের ২১ মে’র ঐতিহাসিক মুহূর্ত। সেদিন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া কক্সবাজার ল্যান্ডিং স্টেশন উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশকে প্রথমবার বৈশ্বিক তথ্য মহাসড়কের সঙ্গে যুক্ত করেন।
প্রকৌশলী মো. তারিকুল ইসলাম বলেন, একটি সাবমেরিন ক্যাবলের গড় আয়ু সাধারণত ২৫ বছর ধরা হয়। তবে কক্সবাজার ল্যান্ডিং স্টেশনের প্রথম ক্যাবল ‘সি-মি-উই-৪’ দুই দশক পার করেও নিরবচ্ছিন্ন সেবা দিচ্ছে।
তিনি জানান, বিশ্বমানের রক্ষণাবেক্ষণের কারণেই পুরো লাইফ সাইকেল সফলভাবে ব্যবহার করা সম্ভব হচ্ছে। ক্যাবলটি এখনো সেবার মান ধরে রেখেছে এবং ২০৩০ সাল পর্যন্ত নিরবচ্ছিন্ন সেবা দিতে পারবে।
অনুষ্ঠানে কক্সবাজার ল্যান্ডিং স্টেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
/ডিবিটেক/ ইকে/এসআই/



