১১ নভেম্বর সিলেটে ২০তম বিডিনগ সম্মেলন

১১ নভেম্বর সিলেটে ২০তম বিডিনগ সম্মেলন
৯ নভেম্বর, ২০২৫ ১০:১৮  

এবার সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ইন্টারনেট অবকাঠামো উন্নয়ন, পরিচালন ও নিরাপত্তায় নিয়োজিত প্রকৌশলীদের সংগঠন বিডিনগ এর ২০তম সম্মেলন ও কর্মশালা। বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) আয়োজনে চার দিনের এ সম্মেলন ও কারিগরি কর্মশালা আগামী ১১ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত চলবে সিলেটের একটি হোটেল ও রিসোর্টে।

আয়োজকরা জানিয়েছেন, ১১ থেকে ১৩ নভেম্বর আয়োজিত হবে কারিগরি কর্মশালা, আর ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে মূল সম্মেলন। এবারের সম্মেলনের সহ-আয়োজক হিসেবে থাকছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (আইএসপিএবি)।  সম্মেলনে বিডিনগ সভাপতি রাশেদ আমিন বিদ্যুতের পাশাপাশি বক্তব্য রাখবেন আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম, মহাসচিব নাজমুল করিম ভূঁঞাসহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।

বিডিনগ মহাসচিব বরকতুল আলম বিপ্লব জানিয়েছেন, এবারের কারিগরি কর্মশালায় তিনটি মূল বিষয় প্রাধান্য পাবে। এগুলো হল, নেটওয়ার্ক অ্যান্ড ডিএনএস সিকিউরিটি, ভার্চুয়ালাইজেশন উইথ প্রক্সমক্স, এবং অ্যাডভান্স রাউটিং উইথ মাইক্রোটিক।  “প্রকৌশলীদের জন্য এই প্রশিক্ষণ কর্মশালা তাদের পেশাগত দক্ষতা বাড়াতে সহায়তা করবে এবং দেশের আইএসপি খাত এর সুফল পাবে” বলে মনে করেন তিনি।