মোবাইল আর্থিক সেবা ও টেলিকম খাতের অপব্যবহার রোধে সমন্বিত উদ্যোগ জরুরি

অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি

  • দেশে আশঙ্কাজনক হারে অনলাইন জুয়া ও বেটিং প্ল্যাটফর্মের বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে
  • জুয়ার অর্থ লেনদেনে মোবাইল আর্থিক সেবা ও সিম অপব্যবহার রোধে কঠোর নজরদারির আহ্বান জানানো হয়েছে
  • বিটিআরসি এবং মোবাইল অপারেটরদের জবাবদিহিতা নিশ্চিত করাসহ ছয় দফা দাবি জানিয়েছে গ্রাহক অ্যাসোসিয়েশন

অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি
১৭ জুলাই, ২০২৬ ২৩:০৪  

দেশে অনলাইন জুয়া ও বেটিং প্ল্যাটফর্মের বিস্তার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন (BMPCA)। প্রযুক্তির অপব্যবহার এবং ডিজিটাল পেমেন্টের সহজলভ্যতার কারণে তরুণ সমাজ ও সাধারণ মানুষ চরম আর্থিক ও সামাজিক ঝুঁকির মুখে পড়ছেন। বাংলাদেশে প্রচলিত আইনে জুয়া নিষিদ্ধ থাকা সত্ত্বেও বিভিন্ন বিদেশি ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে এসব অবৈধ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

১৭ জুলাই, শুক্রবার অনলাইন জুয়া প্রতিরোধে বিটিআরসি, বাংলাদেশ ব্যাংক, মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে কার্যকর সমন্বয়ের তাগিদ দিয়ে এক বিবৃতি প্রদান করা হয়।

সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, “নিয়ন্ত্রণ কমিশনের ব্যর্থতার কারণেই দেশে আশঙ্কাজনক হারে বেড়েছে অনলাইন জুয়া। এই দায় বিটিআরসি কোনো ভাবে এড়াতে পারে না। গতকাল প্রায় ছয় হাজার ৫০০ সিম উদ্ধার করেছে পুলিশ। যত্রতত্রভাবে সিম বিক্রির দায় মোবাইল অপারেটর এড়াতে পারে না।”

তিনি আরও বলেন, “প্রযুক্তি মানুষের কল্যাণে ব্যবহৃত হওয়ার কথা। কিন্তু অনলাইন জুয়ার বিস্তার প্রমাণ করছে যে প্রযুক্তির অপব্যবহার রোধে আমাদের নিয়ন্ত্রণ ও তদারকি আরও শক্তিশালী করতে হবে। অনলাইন জুয়া বন্ধে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং অবৈধ লেনদেন ও প্রচারণার পথ সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে।” এই সংকট মোকাবিলায় সংগঠনটি জুয়ার ওয়েবসাইট ব্লক করা, অবৈধ আর্থিক লেনদেন বন্ধ এবং স্থায়ী টাস্কফোর্স গঠনসহ মোট ছয়টি দাবি উত্থাপন করেছে।
//ডিবিটেক/ করেসপন্ডেন্ট/ইডিপি//