ইসরায়েলে আরও ৬০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে ইন্টেল

৩ মে, ২০২১ ১৫:০৩  
নিজেদের ব্যবসার পরিধি বৃদ্ধিতে ইসরায়েলে ৬০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে ইন্টেল করপোরেশন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সম্প্রতি দেশটিতে ভ্রমণ করেন ইন্টেলের প্রধান নির্বাহী প্যাট গেলসিঞ্জার। তার ভ্রমণের পর নতুন এই বিনিয়োগের তথ্য জানা গেলো। বিনিয়োগকৃত এই অর্থ খরচ করা হবে দেশটিতে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বা আরঅ্যান্ডডি এবং চিপ কারখানা নির্মাণের জন্য। এর মধ্যে ৪০০ মিলিয়ন ডলার চালকবিহীন গাড়ি প্রযুক্তির জন্য এবং ২০০ মিলিয়ন ডলার আইডিসি১২ প্রকল্পের জন্য। ইন্টেল জানিয়েছে, তাদের এই বিনিয়োগকৃত অর্থে গড়ে ওঠা মেগা চিপ কারখানায় দেশটির ৬ হাজার লোকের কর্মসংস্থান হবে। ইসরায়েলে ইন্টেলের এটিই প্রথম বিনিয়োগ নয়। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির তিনটি প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান কিনে নিয়েছে ইন্টেল। এর মধ্যে মোবাইলাইকে ইন্টেল কিনে নেয় ১৫ বিলিয়ন ডলারে, কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রতিষ্ঠান হাবানা কিনে নেয় ২ বিলিয়ন ডলারে এবং মুভইট কিনে নেয় ১ বিলিয়ন ডলারে।