২৩ আগস্ট ফিরছে ডিজিটাল ফার্স্ট প্ল্যাটফর্ম ‘কোক স্টুডিও বাংলা’
আগামী ২৩ আগস্ট থেকে আবারও ফিরছে ডিজিটাল ফার্স্ট প্ল্যাটফর্ম ‘কোক স্টুডিও বাংলা’ । এরইমধ্যে অনলাইনে সিজন ৩-এর তিনটি চার্ট-টপ গান প্রকাশ পেয়েছে। সামনে আসতে চলেছে আরও ছয়টি গান, যেখানে তারকা শিল্পীদের পাশাপাশি থাকছেন উদীয়মানরাও।
ফলে স্পটিফাই ও কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই পরিবেশনা উপভোগ করতে পারবেন শ্রোতারা।
এ নিয়ে কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জু-উন নাহার বলেন, আবারও আমাদের শ্রোতাদের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা সত্যিই আনন্দিত। শুরু থেকেই কোক স্টুডিও বাংলা সবচেয়ে সুন্দর ও সৃজনশীলভাবে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি ও সঙ্গীতের ঐতিহ্য তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। সিজনের বাকি অংশে থাকছে বেশ কিছু অসাধারণ মুহূর্ত ও চমক, যেগুলো দর্শকদের সামনে তুলে ধরার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।
কোক স্টুডিও বাংলার মিউজিক কিউরেটর শায়ান চৌধুরী অর্ণবের কণ্ঠেও ঝরেছে একই সুর। নতুন গান নিয়ে তিনি বলেন, এই সিজনে প্রতিভাবান সব শিল্পীদের একত্রিত করা হয়েছে এবং তারা মিলে দারুণ কিছু তৈরি করেছেন। আমি খুবই আশাবাদী যে, প্রতিটি গান সৃষ্টির সময় আমরা যে আবেগ ও আনন্দ অনুভব করেছি আমাদের শ্রোতারাও সেটা অনুভব করবেন।



