‘হারমনি এলে ক্ষতির মুখে পড়বে গুগল’

২৯ নভেম্বর, ২০১৯ ১৮:০৩  
হারমনি অপারেটিং সিস্টেম (ওএস)পুরোপুরি কাজ শুরু করলে গুগল ক্ষতির মুখে পড়বে এমন মন্তব্য করে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা রেন ঝেংফেই বলেছেন, টেক জায়ান্ট গুগলের সহায়তা ছাড়াই বিশ্বের ১ নম্বর স্মার্টফোন নির্মাতা হওয়া হুয়াওয়ের জন্য কোনো ব্যাপার নয়, আমরা চাইলেই এটা সম্ভব। আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএনকে গত মঙ্গলবার (২৭ নভেম্বর) দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। যুক্তরাষ্ট্রকে সতর্ক করে হুয়াওয়ের এই প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, অ্যান্ড্রয়েডের রাজত্বে এক নম্বর হওয়া কঠিন কিছু নয়। তবে এ জন্য কিছুটা সময় লাগবে। তিনি আরো বলেন, হুয়াওয়েকে যদি গুগলের বিকল্প নিতে হয়, তবে তা মার্কিন কোম্পানিগুলোর ক্ষতিই করবে। এটা আমাদের সবার জন্যই জটিল একটি সময়। আশা করি, মার্কিন সরকার তার দেশের প্রতিষ্ঠানগুলোর জন্য কোনটি ভালো তা বিবেচনা করবে।