ডিসেম্বরে দেশে চালু হচ্ছে পেপাল

২৩ অক্টোবর, ২০২১ ১৩:০৪  
দীর্ঘ অপেক্ষার পর এবার এল সুসংবাদ। ডিসেম্বর থেকেই ঢাকায় কার্যালয় স্থাপন করে কাজ শুরু করবে পেপাল। এমন তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। ২৩ অক্টোবর, শনিবার, ওয়ালটন কারখানা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন তিনি। এমন সুসংবাদ দিয়ে তিনি বলেছেন, দেশে পেপ্যাল অপারেশন শুরু হতে যাচ্ছে। এটা হয়ে গেলে, ফ্রি ল্যান্সারসহ পুরো ই-কমার্স খাতের জন্য উপকার হবে। এজন্য এটা একটা ভালো উদ্যোগ। এর ফলে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ডিসেম্বরে আন্তর্জাতিকভাবে পেমেন্ট পাঠানো বা গ্রহণে সবচেয়ে বেশি ব্যবহৃত অনলাইন পেমেন্ট প্রসেসর পেপাল ব্যবহারের বৈধ পথ খুঁজে পাবেন ফ্রিল্যান্সাররা। এর আগে গত ১২ সেপ্টেম্বর এক সার্কুলারে আরো একটি সুসংবাদ দিয়েছিলো ‘বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ ডিপার্টমেন্ট’। যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান সেবা রফতানি করে বৈদেশিক মুদ্রা উপার্জন করেন (ফ্রিল্যান্সার) এখন থেকে তারা সেবা রফতানি অর্থ অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে একবারে ১০ হাজার ডলার আন‌া যাবে। এতদিন সর্বোচ্চ ৫ হাজার ডলার আনার সুযোগ ছিল। প্রসঙ্গত, গত বছর জাতীয়ভাবে ফ্রিল্যান্সারদের সামাজিক ও পেশাগত স্বীকৃতির ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চালু করা হয় ফ্রিল্যান্সার আইডি কার্ড।