ক্যামন স্লিম ৫জি ও ক্যামন এয়ার উন্মোচন; ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রি-বুকিং

বিশ্বে প্রথম বাংলাদেশে এলো টেকনো ক্যামন স্লিম

  • বিশ্ববাজারে প্রথম হিসেবে বাংলাদেশে উন্মোচিত হলো টেকনোর ৬.৩৯ মিমি পাতলা ক্যামন স্লিম ৫জি ও ক্যামন এয়ার
  • স্লিম ৫জি ডিভাইসে থাকছে ডাইমেনসিটি ৭৩০০ই চিপসেট, ৫০ মেগাপিক্সেল সনি LYT700C ওআইএস ক্যামেরা ও আইপি৬৯কে প্রোটেকশন
  • ক্যামন স্লিম ৫জি-এর মূল্য ৫৯,৯৯৯ টাকা এবং ক্যামন এয়ার দুটি ভ্যারিয়েন্টে ৪৪,৯৯৯ ও ৪৯,৯৯৯ টাকায় মিলছে

বিশ্বে প্রথম বাংলাদেশে এলো টেকনো ক্যামন স্লিম
১ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৫২  

বিশ্বের প্রথম বাজার হিসেবে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়েছে গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনোর প্রিমিয়াম স্মার্টফোন ‘ক্যামন স্লিম ৫জি’। ১ সেপ্টেম্বর, ২০২৬ মঙ্গলবার রাজধানীতে এক ঘোষণার মাধ্যমে ডিভাইসটির বৈশ্বিক যাত্রা শুরুর পাশাপাশি বাজারে ‘টেকনো ক্যামন এয়ার’ উন্মোচনের তথ্য জানানো হয়।

‘স্লিম, স্ট্রং, আনস্টপাবল’ ট্যাগলাইনে আসা টেকনো ক্যামন স্লিম ৫জি-এর পুরুত্ব মাত্র ৬.৩৯ মিলিমিটার এবং ওজন ১৯০ গ্রাম। ডিভাইসটির ডিউরাবিলিটিতে যুক্ত করা হয়েছে চরম প্রতিকূল পরিবেশ প্রতিরোধী আইপি৬৮, আইপি৬৯ এবং আইপি৬৯কে রেটিং। এতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ১.৫কে রেজোলিউশনের ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সম্বলিত অ্যামোলেড ডিসপ্লে এবং ৪ ন্যানোমিটারের মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ই ৫জি প্রসেসর। ফটোগ্রাফির জন্য পেছনে রয়েছে ওআইএস সুবিধাযুক্ত ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি৭০০সি প্রধান ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, ফ্লিকার সেন্সর এবং সামনে ৩২ মেগাপিক্সেল সেলফি শুটার। এতে দীর্ঘ ব্যাকআপের জন্য ৪৫ ওয়াট সুপার চার্জযুক্ত ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার (mAh) ব্যাটারি দেওয়া হয়েছে।

একই সঙ্গে বাজারে আসা ক্যামন এয়ার মডেলে রয়েছে ৬.৩৯ মিলিমিটারের থ্রিডি কার্ভড বডি, ১৬২.৮ গ্রাম ওজন, মিডিয়াটেক হেলিও জি২০০ আলটিমেট প্রসেসর, ৬০ ওয়াট আল্ট্রা চার্জারসহ ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি এবং আইপি৬৮/আইপি৬৯ সুরক্ষা। এর ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি৬০০ মেইন ক্যামেরা, ফ্লিকার সেন্সর ও ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার পাশাপাশি যুক্ত রয়েছে অনন্য এআই মুড লাইট। দুটি স্মার্টফোনেই টেকনোর নিজস্ব এআই ফিচার—যেমন এআই হেলথকেয়ার (ক্যালরি ট্র্যাকিং), এআই নিউট্রিশন স্পেশালিস্ট, এআই পেট স্ন্যাপ ও এআই স্টারক্যাম্প অন্তর্ভুক্ত রয়েছে।

টেকনো ক্যামন স্লিম ৫জি (৮জিবি+২৫৬জিবি)-এর দাম নির্ধারণ করা হয়েছে ৫৯,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য), যার প্রি-বুকিং চলবে ১ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। প্রি-বুকিংয়ে উপহার হিসেবে থাকছে টেকনো স্মার্টওয়াচ নিও এবং টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচের টিকিট। অন্যদিকে ক্যামন এয়ার দেশব্যাপী পাওয়া যাচ্ছে ৮জিবি+১২৮জিবি (৪৪,৯৯৯ টাকা) এবং ৮জিবি+২৫৬জিবি (৪৯,৯৯৯ টাকা) ভ্যারিয়েন্টে।

//ডিবিটেক/ এসটিপি/এসএমই//