ফ্লাইওভার থেকে বিমানবাহিনীর গাড়ি নিচে পড়ে আহত আরও চার সদস্য সিএমএইচে ভর্তি

শাহজালালের থার্ড টার্মিনালে পিকআপ দুর্ঘটনায় নিহত ৩

  • দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
  • আহত চার সদস্যকে আশঙ্কাজনক অবস্থায় সিএমএইচ-এ ভর্তি
  • নিয়মিত দায়িত্ব পালনকালে নিয়ন্ত্রণ হারিয়ে দ্বিতীয় তলার ফ্লাইওভার থেকে গাড়িটি পড়ে যায়

শাহজালালের থার্ড টার্মিনালে পিকআপ দুর্ঘটনায় নিহত ৩
১ সেপ্টেম্বর, ২০২৬ ০০:৩২  

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে দায়িত্ব পালনকালে বাংলাদেশ বিমানবাহিনীর একটি টহল পিকআপ দুর্ঘটনায় তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার সদস্য গুরুতর আহত হয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ১ সেপ্টেম্বর, ২০২৬ মঙ্গলবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে থার্ড টার্মিনাল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাহমুদ, করপোরাল মনিরুজ্জামান ও এলএসি জোবায়দুল। আহত সদস্যরা হলেন—করপোরাল আবু সাঈদ, করপোরাল মাহবুব, সিনিয়র অফিসার আবুল খায়ের ও এলএসি আহাদ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, থার্ড টার্মিনাল এলাকায় নিয়মিত নিরাপত্তা ডিউটি পালনকালে বাংলাদেশ বিমানবাহিনীর সদস্যদের বহনকারী পিকআপটি চালকের নিয়ন্ত্রণ হারিয়ে টার্মিনালের দ্বিতীয় তলায় অবস্থিত সংযোগ ফ্লাইওভারের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বিমানবাহিনীর তিন সদস্যের মৃত্যু হয় এবং চারজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পরপরই বিমানবন্দর নিরাপত্তা দল ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার তৎপরতা পরিচালনা করেন। আহত চার সদস্যকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

//ডিবিটেক/ ডিআইপি/এমআইএস//