ছয় মাসের চুক্তিতে ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির প্রচারে কাজ করবেন জাতীয় দলের অধিনায়ক
নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জামাল ভূঁইয়া
- নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জামাল ভূঁইয়া
- ছয় মাসের চুক্তিতে প্রচারণায় অংশ নেবেন
- তরুণ ও ক্রীড়াপ্রেমীদের আর্থিক অন্তর্ভুক্তিতে গুরুত্ব
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া দেশের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছেন।
এ উপলক্ষে ঢাকার হোটেল শেরাটনে আয়োজিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহর উপস্থিতিতে চুক্তিপত্রে স্বাক্ষর করেন জামাল ভূঁইয়া। ছয় মাস মেয়াদি এ চুক্তির আওতায় তিনি নগদের বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম ও গ্রাহক সম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগে অংশ নেবেন।
নগদ জানিয়েছে, জামাল ভূঁইয়ার সঙ্গে এ অংশীদারত্বের মাধ্যমে দেশজুড়ে তরুণ সমাজ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির গুরুত্ব তুলে ধরার পাশাপাশি তাদের ডিজিটাল লেনদেনে আরও সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হওয়ার পর জামাল ভূঁইয়া বলেন, নগদের সঙ্গে আগে কাজ করার অভিজ্ঞতা তার ভালো লেগেছে। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হতে পেরে তিনি আনন্দিত ও সম্মানিত। বিশ্বকাপকে কেন্দ্র করে নগদের আগের একটি প্রচারণার প্রশংসা করে তিনি বলেন, প্রতিষ্ঠানটি দেশের জন্য ভালো কিছু করছে—এটি তার কাছে ভালো লাগার বিষয়।
জামাল ভূঁইয়া আরও বলেন, নগদ ধারাবাহিকভাবে উদ্ভাবন ও গ্রাহকবান্ধব সেবার মাধ্যমে বাংলাদেশে ডিজিটাল লেনদেনকে এগিয়ে নিচ্ছে। বিভিন্ন সময় গ্রাহকদের জন্য আয়োজন করা প্রচারণা ও পুরস্কার প্রতিষ্ঠানটিকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
জাতীয় দলের অধিনায়ককে স্বাগত জানিয়ে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, জামাল ভূঁইয়াকে নগদ পরিবারে স্বাগত জানাতে পেরে তারা আনন্দিত। বাংলাদেশের ফুটবলারদের সঙ্গে নগদের সম্পর্ক গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে জামাল ভূঁইয়ার সঙ্গে এ অংশীদারত্ব করা হয়েছে।
তিনি জানান, ভবিষ্যতে আরও তারকা খেলোয়াড়কে নগদ পরিবারের সঙ্গে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে। দেশের বিভিন্ন পর্যায়ের ক্রীড়া ও ক্রীড়াবিদদের সঙ্গে নগদ কাজ করে যাবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে নগদের সিনিয়র সহযোগী প্রশাসক সৈয়দ হীমঈয়ানউদ্দিন আহমেদ, সহযোগী প্রশাসক আনোয়ার উল্লাহ, চিফ কমার্শিয়াল অফিসার শাহীন সারওয়ার ভূঁইয়া, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আফজাল আহমেদ এবং হেড অব মার্কেটিং এইচ ইউ এম মেহেদী সাজ্জাদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন
//ডিবিটেক/ পিআর/ এসএমই//





