কপিরাইট জটিলতায় বাইটড্যান্সের ভিডিও এআই মডেল উন্মোচন স্থগিত

কপিরাইট জটিলতায় বাইটড্যান্সের ভিডিও এআই মডেল উন্মোচন স্থগিত
১৫ মার্চ, ২০২৬ ১১:৩০  

টিকটকের মূল প্রতিষ্ঠান চীনের বাইটড্যান্স তাদের অত্যাধুনিক এআই ভিডিও জেনারেশন মডেল 'সিড্যান্স ২.০'-এর বৈশ্বিক উন্মোচন সাময়িকভাবে স্থগিত করেছে। মার্কিন সংবাদমাধ্যম দি ইনফরমেশনের বরাতে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, হলিউডের শীর্ষস্থানীয় স্টুডিও ও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর সঙ্গে কপিরাইট বিরোধের জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত মাসে চীনে উন্মোচিত সিড্যান্স ২.০ মডেলটি ব্যবহার করে তৈরি কয়েকটি ভিডিও ভাইরাল হয়, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল হলিউড তারকা টম ক্রুজ ও ব্র্যাড পিটের মধ্যে একটি কাল্পনিক লড়াইয়ের ভিডিও। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওয়াল্ট ডিজনি কোম্পানি বাইটড্যান্সের বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ এনে একটি ‘সিজ অ্যান্ড ডিসিস্ট’ (নিষেধাজ্ঞামূলক) আইনি নোটিশ পাঠায়। ডিজনির অভিযোগ, সিড্যান্স ২.০-কে প্রশিক্ষণ ও চালানোর জন্য তাদের স্বত্বাধিকারী মার্ভেল ও স্টার ওয়ার্স ফ্র্যাঞ্চাইজির চরিত্রগুলো অনুমতি ছাড়া ব্যবহার করা হয়েছে।

ডিজনি ছাড়াও প্যারামাউন্ট স্কাইড্যান্সের মতো প্রতিষ্ঠান এবং মোশন পিকচার অ্যাসোসিয়েশন (এমপিএ)-ও বাইটড্যান্সের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে। তারা অভিযোগ করে, প্রতিষ্ঠানটি তাদের মেধাস্বত্বকে অগ্রাহ্য করে ‘ব্যাপকহারে’ কপিরাইট লঙ্ঘন করেছে।

দি ইনফরমেশন-এর প্রতিবেদনে বলা হয়েছে, এই আইনি চ্যালেঞ্জ মোকাবিলায় বাইটড্যান্সের আইনি বিভাগ সম্ভাব্য সমস্যা চিহ্নিত করে সমাধানে কাজ করছে এবং প্রকৌশলীরা মডেলটিতে নতুন নিরাপত্তা ব্যবস্থা সংযুক্ত করছেন, যাতে ভবিষ্যতে আরও কপিরাইট লঙ্ঘন রোধ করা যায়।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা না হলেও, তারা আগেই জানিয়েছিল মেধাস্বত্ব রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনা এআই প্রযুক্তির উন্নয়ন ও কপিরাইট আইনের মধ্যকার ক্রমবর্ধমান দ্বন্দ্বেরই প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা।

ডিবিটেক/বিএমটি