’ডিজিটাল আইনে তথ্য সুরক্ষা নীতিমালা দরকার’
“আমাদের ডেটা সিকিউরিটি সংক্রান্ত আইন নেই। সেদিকে নজর দিতে হবে। যখন ডিজিটাল আইন করা হয়েছিল, তখন এ বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়নি। ডিজিটাল আইনে এটা অন্তর্ভুক্ত করা বা নতুন আইন করা দরকার”
বুধবার (১৫ জানুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
এ সময় তিনি আরো বলেন, “আমরা যত ডিজিটাল হচ্ছি, নিরাপত্তার ঝুঁকি তত বাড়ছে। ইন্টারনেটে নারী ও শিশুর সুরক্ষা বড় প্রশ্ন হয়ে উঠেছে। আমরা মেলায় একটি পুস্তিকা বিনামূল্যে বিতরণ করব। সেখানে এ বিষয়ে সচেতনামূলক নির্দেশনা থাকবে।”
মোস্তাফা জব্বার বলেন, মেলার সব চেয়ে বড় আকর্ষণ হলো ৫জি। মেলায় ৫জি দেখা যাবে। আগামী দিনে ৫জির ব্যবহার করে কি কি ধরনের পরিবর্তন আনা সম্ভব সবাই তুলে ধরা হবে মেলায়। আমরা যে যুগে আছি সেটা হলো শিল্প যুগ। এখানে মহাসড়ক হবে প্রযুক্তির নতুন আবিষ্কার।
তিনি আরো বলেন, আগে আমরা আমদানি নির্ভর ছিলাম। এখন আমাদের দেশের সফটওয়্যার ৮০ দেশে রপ্তানি হচ্ছে। এখন আমরা প্রযুক্তি পণ্য রপ্তানি করছি। আগে আমাদের যারা তলা বিহীন ঝুড়ি বলতো এখন তাদের দেশে আমাদের দেশের তৈরি করা মোবাইল রপ্তানি হচ্ছে।
তিনি বলেন, আমাদের দেশের ৬৫ ভাগ তরুণ। যাদের মধ্যে রয়েছে অনেক সম্ভাবনা। এই মেলার মাধ্যমে তাদের নতুন প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দেয়া হবে। যাতে করে তারা নিজেরা উদ্যোক্তা হতে পারে।