সাইবার সুরক্ষায় বাংলাদেশ-ভারত চুক্তি
নিজেদের সাইবার সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখতে পারস্পরিক সহযোগিতায় মঙ্গলবার দুইটি সমঝোতা চুক্তি করেছেন ভারত-বাংলাদেশ। এর একটি বিজিডি ই-গভ সার্ট এবং সার্ট-ইন এর মধ্যে। অপর চুক্তি হয়েছে ভারতের আইটি অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগের মধ্যে।
ভারতে চলমান রাইসিনা ডায়ালগের অংশগ্রহণ কালে বাংলাদেশের আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের উপস্থিতিতে চুক্তিতে সই করেন ভারতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের হাই কমিশনার মোহাম্মাদ ইমরান। অপরদিকে ভারতের পক্ষে চুক্তিতে সই করেন দেশটির ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি সচিব কে রাজা রমন।
চুক্তি অনুযায়ী, নিচ্ছিদ্র সাইবার সুরক্ষায় উভয় দেশ প্রয়োজনীয় তথ্য ও প্রযুক্তি সেবা বিনিময়ের সঙ্গে সঙ্গে একটি সুপরিসর ফ্রেমওয়ার্ক তৈরি করতে বিদ্যমান চুক্তি সম্প্রসারণ করা হয়েছে। ফলে সামনের দিনগুলোতে সাইবার ঝুঁকি মোকাবেলায় দক্ষতা উন্নয়নেও দুই সার্ট একসঙ্গে নীতিমালা অনুযায়ী বেস্ট প্রাক্টিসগুলো নিয়ে কাজ করবে। এছাড়াও এই চুক্তির ফিশিং, ডিডস আক্রমণ এবং জালিয়াতির মতো ঘটনা আগেই রুখে দিতে যৌথ পর্যবেক্ষণ, গবেষণা এবং নিয়মিত সিকিউরিটি ড্রিল করা হবে।
আর চুক্তি বাস্তবায়নে বিজিডি ই-গভ সার্টের ৪জন এবং সার্ট ইন্ডিয়ার ৩ জনের সমন্বয়ে মোট সাত সদস্যের একটি ‘যৌথ কমিটি’ গঠন করার কথাও উল্লেখ আছে এই চুক্তিতে। এই কমিটি প্রয়োজনের নিরিখে একে অপরের অফিস ভিজিট করা ছাড়াও সভা-সেমিনার করে এ বিষয়ে সচেতনতা গড়ে তুলতে ভূমিকা রাখবে।