শেষতক ওপেনএআইয়ে ফিরলেন স্যাম অল্টম্যান

২২ নভেম্বর, ২০২৩ ১৪:৫৭  

নানা নাটকীয়তার পর শেষতক আগের চেয়েও বেশি কর্তৃত্ব নিয়ে জেনারেটিভ এআই খাতের শীর্ষ কোম্পানি বলে বিবেচিত ওপেনএআইয়ের প্রতিষ্ঠাতা সিইও স্যাম অল্টম্যান। বাংলাদেশ সময় বুধবার দুপুরে অল্টম্যান সিইও হিসাবে নিজের কোম্পানিতে ফিরেছেন বলে খবর দিয়েছে রয়টার্স। এক্সপোস্টে এই ফেরার কথা সবার সঙ্গে শেয়ার করেছেন ওপেন এআই প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান।

মঙ্গলবার দিনজুড়ে ঘণ্টায় ঘণ্টায় আপডেটের পর সিলিকন ভ্যালিতে মধ্যরাত পেরোনোর পর ভবিষ্যত নিয়ে একটি ‘সমঝোতায় পৌঁছানো’র কথা জানিয়েছে জেনারেটিভ এআই। খবরে প্রকাশ, অল্টম্যানের প্রত্যাবর্তনের পাশাপাশি, তাকে বের করে দেওয়া পরিচালনা পর্ষদেরও আংশিক পরিবর্তনে রাজি হয়েছে কোম্পানিটি। সেলসফোর্সের সাবেক কো-সিইও ব্রেট টেইলর ও সাবেক মার্কিন ট্রেজারি সেক্রেটারি ল্যারি সামার যোগ দেবেন পর্ষদে।

পর্ষদ সদস্য অ্যাডাম ডি’অ্যানজেলো, তাশা ম্যাককাউলি, হেলেন টোনার এবং কোম্পানিটির তৃতীয় সহপ্রতিষ্ঠাতা ইলেয়া সুটসকেভার অল্টম্যানকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়ার পেছনে ছিলেন। তাদের মধ্যে সুটসকেভার ছাড়া আর কেউই কোম্পানিটির পেশাদার কর্মী নন। ঘটনার পরদিনই কোম্পানির সাতশ ৭০ জন কর্মীর মধ্যে সাতশ ৪৩ জনই তাকে ফিরিয়ে আনার দাবি জানিয়ে একটি খোলা চিঠি প্রকাশ করেন। সেখানে তারা অল্টম্যানকে ফেরানোর আল্টিমেটাম দেন এবং একযোগে পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে দেন। এর পরপরই অন্যতম বোর্ড সদস্য সুটসকেভার এক এক্স পোস্টে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার পাশাপাশি অল্টম্যানকে ফেরত আনার জন্য জন্য কর্মীদের প্রকাশ করা খোলা চিঠিতে নিজেও স্বাক্ষর করেন। পাশাপাশি এক্সপোস্টে লেখেন, “আমি ওপেনএআইয়ে ফেরার অপেক্ষা করছি”।