মার্চে মালয়েশিয়ায় চালু হচ্ছে ই-পাসপোর্ট সেবা

১৭ ফেব্রুয়ারি, ২০২৪ ২১:১৫  

চলতি মাসের শেষ সপ্তাহে অথবা আগমী মার্চ মাসের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীদের জন্য চালু হচ্ছে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় প্রবাসী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান।

হাইকমিশনের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি আরো জানান প্রবাসীদের দীর্ঘ প্রতীক্ষিত ই-পাসপোর্ট সেবার লক্ষ্যে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে হাইকমিশন। ইএসএল নামের একটি আউট সোর্স কোম্পানি এ নিয়ে কাজ করছে। চলতি মাসের শেষ সপ্তাহ অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ই-পাসপোর্ট সেবা কার্যক্রমের উদ্বোধন হবে।

হাইকমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, গত বছরের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ হাইকমিশন থেকে প্রবাসীদের মধ্যে মোট ২ লাখ ৬০ হাজার ৪২টি পাসপোর্ট ইস্যু করা হয়েছে। এর মধ্যে মালয়েশিয়া ডাক বিভাগের মাধ্যমে এক লাখ ৬৬ হাজার ৮০৭টি এবং সরাসরি ৯৩ হাজার ২১৫টি পাসপোর্ট বিতরণ করা হয়। কলিং ভিসায় মালয়েশিয়ায় এসে কাজ না পাওয়া কর্মীদের অভিযোগের ভিত্তিতে মালয়েশিয়ান প্রতিষ্ঠান জেটিকের মাধ্যমে কোম্পানি পরিবর্তনের মধ্য দিয়ে অনেকের কাজের ব্যবস্থা করা হয়েছে। এখনো এ প্রক্রিয়া চলমান রয়েছে।