জীবনের অর্ধেক সময়ই স্ক্রিনে কাটিয়ে দিচ্ছেন ব্রিটিশরা!

২৪ মে, ২০২০ ১৩:০৯  
ব্রিটেনের আধুনিক যুগের প্রাপ্ত বয়স্করা তাদের জীবনের প্রায় অর্ধেক সময়ই মোবাইল, কম্পিউটার কিংবা টিভির মতো স্ক্রিনের দিকে তাকিয়ে পার করে দিচ্ছেন বলে দেশটির একটি জরিপে উঠে এসেছে। ভিশন ভারডিক্টের অর্থায়নে ওয়ানপোল নামের একটি সংস্থা ২ হাজার মানুষকে নিয়ে করা ওই জরিপের ফলাফলে বলছে, অধিকাংশ মানুষ গড়ে ৩৪ বছর ডিভাইসের দিকে তাকিয়ে থাকেন। জরিপের নির্ধারিত প্রশ্নের (কোয়েশ্চেনিয়ার) উত্তরে ব্রিটিশরা জানান, তারা বছরে গড়ে ৪ হাজার ৮৬৬ ঘণ্টা করে বিভিন্ন স্ক্রিনে সময় পার করেন। এই হিসাবে ৬২ বছরের জীবদ্দশায় তারা ৩ লাখ ১৬ হাজার ৯২ ঘণ্টা ডিভাইস ব্যবহার করছেন। জরিপে দেখা গেছে ১৮ থেকে ৮১ বছর বয়সীরা দিনে সাড়ে তিন ঘণ্টা করে টিভি দেখছেন। ল্যাপটপ ব্যবহার করছেন চার ঘণ্টা। মোবাইলে দুই ঘণ্টা। কিছু মানুষ এভাবে সময় কাটানোকে কাজের মনে করলেও কেউ কেউ জানেন না তারা স্ক্রিনে ঠিক কী করণে এত সময় থাকেন। জরিপের অর্ধেক মানুষ জানিয়েছেন, কর্মক্ষেত্রের কারণে তারা চোখকে বিশ্রাম দিতে পারেন না।