চুয়েট : অবসরে শিক্ষক ড. সরফরাজ গনি আদনান, ইউআরপি বিভাগের ‘১৭ ব্যাচের বিদায় অনুষ্ঠান

১৭ মার্চ, ২০২৩ ০৯:০৪  

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের আয়োজনে ইউআরপি বিভাগের ‘১৭ ব্যাচের বিদায় অনুষ্ঠান এবং বিভাগের সহযোগী অধ্যাপক ড. সরফরাজ গনি আদনান-এর অবসর গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৬ মার্চ (বৃহস্পতিবার) বিকালে ইউআরপি বিভাগের সেমিনার রুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির এবং ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন-২০৪১ বাস্তবায়নের উদ্যোগকে সামনে রেখে দক্ষ জনবল বৃদ্ধির জন্য চুয়েট কাজ করে যাচ্ছে। ইউআরপি বিভাগের শিক্ষার্থীরা তাদের শিক্ষাকার্যক্রম সম্পন্ন করে কর্মজীবনে প্রবেশ করতে যাচ্ছে। ভবিষ্যতে তারা সরকারের পরিকল্পিত নগর গঠনে তাদের জ্ঞানকে কাজে লাগাবে বলে আমি বিশ্বাস করি।”

তিনি বিদায়ী শিক্ষক ড. সরফরাজ গনি আদনানকে তাঁর ভবিষ্যত জীবনের সাফল্য কামনা করেন। উক্ত বিদায় অনুষ্ঠানের সভাপতি এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান বিদায়ী শিক্ষার্থী এবং সহযোগী অধ্যাপক ড. সরফরাজ গনি আদনান ভবিষ্যত জীবনের জন্য সাফল্য কামনা করেন। সর্বশেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে উক্ত বিদায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। উক্ত অনুষ্ঠানে চুয়েটের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।