এবার ৬৪ উপজেলায় অ্যাপে ধান সংগ্রহ করবে সরকার

১১ মার্চ, ২০২০ ১৫:৩৮  
আসছে বোরো মৌসুমে ধান সংগ্রহে অ্যাপের ব্যবহার বাড়বে চার গুণ। ‘কৃষকের অ্যাপ’-এর মাধ্যমে এবার দেশের ৬৪টি উপজেলা থেকে ধান সংগ্রহ করবে সরকার। ১৬ উপজেলার কৃষকদের কাছ থেকে আমন ধান সংগ্রহে সফলতার মধ্য দিয়ে ধান কেনার ক্ষেত্রে রেকর্ড অর্জনের পর এই তথ্য জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বুধবার (১১ মার্চ) সচিবালয়ে যৌথ সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী জানান, অ্যাপের মাধ্যমে প্রকৃত কৃষকরা ধান বিক্রি করতে পারবে, এর মধ্যে যাতে কোনো মধ্যস্বত্বভোগী আসতে না পারবে না। ধান বিক্রিতে আগ্রহী কৃষক আবেদন করার পর তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে যেসব কৃষক নির্বাচিত হবেন, তারাই সরকারের কাছে ধান বিক্রি করতে পারবেন। তিনি বলেন, পর্যায়ক্রমে লটারির মাধ্যমে প্রান্তিক ও ক্ষুদ্র চাষীদের কাছ থেকে ধান কেনা হবে। বোরো মৌসুমে ধানের আর্দ্রতা স্বাভাবিক রাখতে ময়েশ্চার মিটারের ব্যবস্থা রাখা হয়েছে। এ সময় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল উপস্থিত ছিলেন। এছাড়াও খাদ্য সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম, কৃষি সচিব মো. নাসিরুজ্জামান, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক সরোয়ার মাহমুদসহ অন্যান্য কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।