এক বছরে প্রযুক্তি খাতে দেড় লক্ষাধিক কর্মীকে চাকরিচ্যুতি

৮ জানুয়ারি, ২০২৩ ০১:১৩  
এক বছরে বিশ্বের প্রযুক্তি খাত থেকে দেড় লাখের বেশি কর্মী ছাঁটাই করা হয়েছে। ট্র্যাকিং সাইট লেঅফের বরাতে রয়টার্স জানিয়েছে, প্রতি বছরই খাতটি থেকে কর্মী ছাঁটাইয়ের সংখ্যা বাড়ছে। মাইক্রোসফট, টুইটার, মেটার মতো বৃহৎ প্রতিষ্ঠান থেকে শুরু করে তালিকায় রয়েছে ছোট-বড় নানা প্রতিষ্ঠান। সম্প্রতি প্রযুক্তি খাত থেকে কর্মী ছাঁটাইয়ের তালিকায় নাম লিখিয়েছে ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন। গত নভেম্বরেই কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত দিয়েছিল অ্যামাজন। তবে অনুমানের চেয়ে তাদের ছাঁটাই করা কর্মীর সংখ্যা বেশ বড়। এবার তারা বিদায় করেছে ১৮ হাজার কর্মীকে। বিশ্লেষকদের বরাতে রয়টার্স বলছে, রুশ-ইউক্রেন যুদ্ধের জেরে বিশ্বজুড়ে চলমান অর্থনৈতিক মন্দার প্রভাব পড়েছে প্রযুক্তি খাতে। খরচ বাঁচানোর দ্রুততম পথ হিসেবে কর্মী ছাঁটাইকেই বেছে নিচ্ছে প্রতিষ্ঠানগুলো। এদিকে চলমান মন্দার মধ্যে চাকরির বাজারেও অস্থিরতা তৈরি করছে এ ধরনের ঘটনা। ফলে বিশ্ব অর্থনীতি ও মানুষের জীবনযাত্রার মানে পড়ছে প্রচণ্ড নেতিবাচক প্রভাব।