আইসিটি উন্নয়নে জোট বাঁধছে বাংলাদেশ-কম্বোডিয়া
স্টার্টআপ সংস্কৃতির উন্নয়ন এবং সাইবার আকাশের সুরক্ষায় বাংলাদেশের সঙ্গে কাজ করবে কম্বোডিয়া। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে সোমবার (২০ জানুয়ারি) বিকেলে একটি সমঝোতা চুক্তি হবে।
সূত্রমতে, চুক্তি করতে কম্বোডিয়ার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সেক্রেটারি অব স্টেট কান চ্যানমেতা এবং ন্যাশনাল ইন্সিটিটিউট অব পোস্টস্, টেলিকমস্ অ্যান্ড আইসিটি ভাইস প্রেসিডেন্ট হেন স্যামবওয়েন, ডিরেক্টর জেনারেল অব আইসিটি চুন ভাট, টল ন্যাক (ডিরেক্টর জেনারেল, টেলিকম), ভিথ ভিউথ (অফিসার, সেক্রেটারিয়েট অব বোর্ড অব ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফান্ড, পোস্টস্ অ্যান্ড টেলিকমিউনিকেশনস্ মিনিস্ট্রি) বাংলাদেশ সফর করছেন।
পৃথক দুইটি চুক্তির মধ্যে একটি চুক্তি হবে আইসিটি বিভাগের আইডিয়া প্রকল্প এবং অন্যটি হবে ডিজিটাল সিকিউরিটি এজেন্সির সঙ্গে।
একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে আইসিটি বিভাগের অধীনে চুক্তি দুটি স্বাক্ষরিত হবে। চুক্তি অনুযায়ী, ই-গভার্নমেন্ট, ই-পাবলিক সার্ভিস ডেলিভারি, ই-লার্নিং, টেলিমেডিসিন, সাইবার সিকিউরিটি, ক্যাপাসিটি বিল্ডিং, তথ্য ও প্রযুক্তি খাতে গবেষণা ও উন্নয়ন ইত্যাদি বিষয়ে বেস্ট প্র্যাক্টিসগুলো বিনিময় করার মাধ্যমে দুই দেশের আইসিটি খাতের উন্নয়নে কাজ করবে। সাইবার ক্রাইম নিরসনে স্ট্যান্ডার্ড অপারেশন পদ্ধতি, ব্রডার ফ্রেমওয়ার্ক চালুকরণ, জাতীয় তথ্য সুরক্ষা ব্যবস্থাপনার উন্নয়ন, মানবসম্পদের দক্ষতা বৃদ্ধি এবং বিশেষজ্ঞদের আদান-প্রদান করবে দুই দেশ।