প্রতিদিন ১৬ ঘণ্টা ডিজিটাল ব্যাংকিং সেবা পাবে চুয়েট শিক্ষার্থীরা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং পূবালী ব্যাংক পিএলসির মধ্যে এক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় চুয়েট শিক্ষার্থীদের জন্য আধুনিক ও স্বয়ংক্রিয় ব্যাংকিং সেবা নিশ্চিত করা হবে।
চুয়েট উপাচার্যের কার্যালয়ে ২ এপ্রিল, বৃহস্পতিবার সন্ধ্যায় এই চুক্তি স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির এবং পূবালী ব্যাংকের পক্ষে মদুনাঘাট শাখার ব্যবস্থাপক রশিদুল হাসান ভুঁইয়া চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় চুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া উপস্থিত ছিলেন।
চুক্তির অধীনে চুয়েটের টিএসসি ভবনে একটি অত্যাধুনিক ডিজিটাল ব্যাংকিং বুথ স্থাপন করবে পূবালী ব্যাংক। যেখানে দুটি সিআরএম (CRM) এবং একটি করে আরটিডিএম (RTDM) ও কেইওএসকে (KEOSK) সিস্টেম থাকবে। এই বুথের মাধ্যমে শিক্ষার্থীরা প্রতিদিন ১৬ ঘণ্টা অনলাইন লেনদেনের সুবিধা পাবেন। মোবাইল অ্যাপ বা ডিজিটাল সিস্টেমের মাধ্যমে টিউশন ফিসহ অন্যান্য ফি পরিশোধ করা যাবে, ফলে ব্যাংক কাউন্টারে দীর্ঘ লাইনে দাঁড়ানোর প্রয়োজন হবে না।
এছাড়া স্বয়ংক্রিয় পদ্ধতিতে পেমেন্ট হিস্ট্রি দেখা ও রিসিপ্ট ডাউনলোডের সুবিধাসহ শিক্ষার্থীদের জন্য 'স্টুডেন্ট লোন' ও বিভিন্ন আর্থিক সহায়তার সুযোগও রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছে, এই উদ্যোগ ক্যাম্পাসে আধুনিক সেবা ব্যবস্থার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুবুল আলমসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



