টেলিকম-আইসিটি-বিজ্ঞান মন্ত্রীর একান্ত সহকারী মো. শরীফুল ইসলাম

টেলিকম-আইসিটি-বিজ্ঞান মন্ত্রীর একান্ত সহকারী মো. শরীফুল ইসলাম
২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০০:০৩  
২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১৮:৪৮  

ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীর সহকারী একান্ত সচিব হয়েছেন মো. শরীফুল ইসলাম। এ দুই মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্বে রয়েছেন ফকির মাহবুব আনাম। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) বিভাগে প্রশাসনিক কর্মকর্তা থেকে তিনি বর্তমান সরকারের নতুন দায়িত্ব বন্টনের আওতায় এই দায়িত্ব গ্রহণ করেছেন। 

এর একদিন আগেই ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে মন্ত্রণালয়ে যোগ দেন   বাংলাদেশী প্রকৌশলী, প্রযুক্তি পেশাদার ও রাজনীতিবিদ রেহান আসিফ আসাদ। 

আর ২৩ ফেব্রুয়ারি, অবিলম্বে কার্যকরের নির্দেশনা দিয়ে নতুন মন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব দেয়া হয় মো. শরীফুল ইসলাম-কে।  জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে একইদিনে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের মোট তিনজন মন্ত্রীর একান্ত সচিব (পিএস) এবং চারজন প্রতিমন্ত্রী ও উপদেষ্টার সহকারী একান্ত সচিব (এপিএস) নিয়োগ দেওয়া হয়। 

এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব নিয়োগ পেয়েছেন ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) উপসচিব মো. মনিরুজ্জামান। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব (উপ-সচিব) রবীন্দ্র চাকমা। এ মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব হয়েছেন মো. ইব্রাহিম খলিল। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে রয়েছেন মো. আমিনুল হক। বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব হয়েছেন মো. জুনাইদ। এ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন মো. শরীফুল আলম।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব হয়েছেন মো. আল মামুন। এম এ মুহিত স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) মাহাদী আমিনের একান্ত সচিব নিয়োগ পেয়েছেন ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফারহান লাবীব জিশান।

সহকারী একান্ত সচিবদের প্রতিমন্ত্রীদের অভিপ্রায় অনুযায়ী নিয়োগ দেওয়া হয়েছে। তারা ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫’ অনুযায়ী (৯ম গ্রেড) ২২০০০-৫৩০৬০/-টাকা বেতন স্কেলে এ নিয়োগ পেয়েছেন। প্রতিমন্ত্রীরা যতদিন এ পদ অলংকৃত করবেন বা তাদের সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

ডিবিটেক/আইএইচ/এসএ