ডিজিটাইজেশনের নতুন যুগে প্রবেশ

কেন্দ্রীয় ব্যাংক ই-ডেস্ক সিস্টেমের উদ্বোধন

কেন্দ্রীয় ব্যাংক ই-ডেস্ক সিস্টেমের উদ্বোধন
৯ ডিসেম্বর, ২০২৫ ১৯:৫৯  
১০ ডিসেম্বর, ২০২৫ ০০:০০  

বাংলাদেশ ব্যাংকের ডিজিটাইলাইজেশন উদ্যোগে যুক্ত হলো নতুন মাত্রা।  ৯ ডিসেম্বর, মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন “ই-ডেস্ক সিস্টেম”—যা কেন্দ্রীয় ব্যাংকের নোটিং ও দাফতরিক কার্যক্রমকে অনলাইনভিত্তিক, দ্রুততর ও আধুনিক পর্যায়ে নিয়ে যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সব ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালক এবং বিভিন্ন বিভাগের সংশ্লিষ্ট পরিচালকরা। বাংলাদেশ ব্যাংকের এইচআরডি-১ এবং আইসিটি বিভাগ যৌথভাবে এ সিস্টেমটি ডেভেলপ ও বাস্তবায়ন করেছে।

গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, ই-ডেস্ক চালুর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক প্রশাসনিক কার্যক্রমে নতুন যুগে প্রবেশ করলো। তিনি সিস্টেমটি সফলভাবে তৈরি ও বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান এবং সেবা দ্রুত ও নির্ভুল করার লক্ষে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

প্রাথমিকভাবে শুধু বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ই-ডেস্ক সিস্টেম চালু করা হলেও ধাপে ধাপে এটি দেশের সব অফিসে কার্যকর করা হবে।

আগামী ১০ ডিসেম্বর থেকে বিভাগীয় পর্যায়ে ডিরেক্টর লেভেল পর্যন্ত সব নিষ্পত্তিযোগ্য নোটিং ই-ডেস্কের মাধ্যমে নিষ্পত্তি করা বাধ্যতামূলক করা হয়েছে। পরবর্তী ধাপে ১ জানুয়ারি ২০২৬ থেকে সব পর্যায়ের নোটিং একই সিস্টেমের আওতায় আসবে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মতে, ই-ডেস্ক সিস্টেম চালুর ফলে নোটিং প্রক্রিয়া হবে আরও স্বচ্ছ, দ্রুত, নিরাপদ ও কাগজবিহীন—যা কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল রূপান্তরকে আরও ত্বরান্বিত করবে।
ডিবিটেক/বিটি/এমইউএম