১১ ডিসেম্বর স্কুল ভর্তির ডিজিটাল লটারি, ফল মিলবে অনলাইনেই
সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তি হতে গত ২১ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর বিকেল পর্যন্ত অনলাইনে স্কুলে ভর্তির আবেদন করেছেন ১০ লাখ ৫৬ হাজার ৫৪ জন শিক্ষার্থী। আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে শিক্ষার্থী ভর্তির ডিজিটাল লটারি। এদিন সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ লটারির আনুষ্ঠানিকতা হলেও ফল মিলবে অনলাইনে তৎক্ষণাৎ।
ডিজিটাল লটারির প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা অনলাইনে ফলাফল জানতে পারবেন। মাউশির দেওয়া এই লিংকে প্রবেশ করে নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফলাফল ডাউনলোড করা যাবে। এছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ফেসবুক পেজ-এ লটারির প্রক্রিয়া সরাসরি দেখানো হবে।
৯ ডিসেম্বর, মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়, ২০২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি (মহানগর ও জেলার সদর, উপজেলা পর্যায় পর্যন্ত) মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া ডিজিটাল লটারির মাধ্যমে অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
লটারির পর নির্ধারিত ওয়েবসাইট থেকে ফলাফল ডাউনলোড করা যাবে। ডাউনলোড করা ফল পাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠান প্রধানরা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতি বরাবর ই-মেইলে প্রেরণ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে অবহিত করবেন। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে ভর্তি কমিটির সভা ডেকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে শিক্ষার্থীদের ভর্তি নিতে ব্যবস্থা গ্রহণ করবেন।
ডিবিটেক/মাউশি/এমইউএম







