পিএস৫-এ বিনামূল্যে দেখা যাবে ১০০টির বেশি টিভি চ্যানেল
গেমিং কনসোল প্লেস্টেশন ৫ (পিএস৫) ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে লাইভ টেলিভিশন ও ভিডিও স্ট্রিমিং দেখার সুবিধা চালু করেছে সনি। কোনো ধরনের বাড়তি সাবস্ক্রিপশন ফি ছাড়াই বিজ্ঞাপননির্ভর এই ব্যবস্থার মাধ্যমে ১০০টিরও বেশি টিভি চ্যানেল উপভোগ করতে পারবেন কনসোলটির মালিকেরা।
প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে সেবাটি চালু করা হলেও খুব শিগগিরই এটি কানাডাসহ বিশ্বের অন্যান্য অঞ্চলেও সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে জাপানি প্রযুক্তি জায়ান্টটির।
বিশাল কনটেন্ট লাইব্রেরি
সনির এই বিশেষ সেবার নাম দেওয়া হয়েছে 'লাইভ টিভি অন পিএস৫'। কনসোলের নিজস্ব মিডিয়া ট্যাব থেকেই সরাসরি এই পরিষেবাটি ব্যবহার করা যাবে।
সনি পিকচার্স টেলিভিশনের নিজস্ব কনটেন্টের পাশাপাশি এতে লায়নসগেট এবং ক্রাঞ্চিরোলের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোর সিনেমা, নাটক, অ্যানিমে, খেলাধুলা, খবর ও প্রামাণ্যচিত্র দেখা যাবে। আলোচিত টিভি সিরিজ 'দ্য ওয়াকিং ডেড', 'কমিউনিটি' কিংবা জনপ্রিয় অ্যানিমে 'নারুটো', 'ডেথ নোট' ও 'সেইলর মুন'-এর মতো অনুষ্ঠানগুলো দর্শকেরা কোনো খরচ ছাড়াই দেখতে পাবেন।
নতুন ব্যবসায়িক কৌশল
বাজার বিশ্লেষকদের মতে, শুধু নতুন গেমিং কনসোল বিক্রির ওপর নির্ভর না করে বিদ্যমান গ্রাহকদের নিজস্ব নেটওয়ার্কে ধরে রাখতেই সনির এই প্রযুক্তিগত উদ্যোগ।
রোকু কিংবা টিউবির মতো তৃতীয় পক্ষের কোনো ফ্রি স্ট্রিমিং অ্যাপে ব্যবহারকারীরা যেন না যান, সে জন্য সনি নিজেদের ইকোসিস্টেমের ভেতরেই বিজ্ঞাপনভিত্তিক আয়ের নতুন ক্ষেত্র তৈরি করল।
গেম খেলার বিরতিতে কনসোল বন্ধ না রেখে সরাসরি লাইভ টিভি দেখার এই সুবিধাকে পিএস৫-এর জনপ্রিয়তায় নতুন মাত্রা হিসেবে দেখছেন প্রযুক্তিপ্রেমীরা।
ডিবিটেক/বিএমটি । সূত্র: এনগ্যাজেট





