ব্লুটুথ ছেড়ে ঘরের গণ্ডিতে জেবিএল: তিন মডেলের স্মার্ট স্পিকার উন্মোচন

ব্লুটুথ ছেড়ে ঘরের গণ্ডিতে জেবিএল: তিন মডেলের স্মার্ট স্পিকার উন্মোচন
২ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৩০  

অডিও প্রযুক্তি জগতে নিজেদের ঐতিহ্যগত ধারা থেকে বেরিয়ে এসে পুরো বাড়িজুড়ে ব্যবহারের উপযোগী নতুন 'কোভ' সিরিজের ওয়াই-ফাই স্পিকার উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান জেবিএল। 

মূলত পোর্টেবল ও ব্লুটুথ পার্টি স্পিকারের জন্য বহুল পরিচিত হলেও এবারই প্রথম 'হোল-হোম অডিও' ব্যবস্থার দিকে বড় ধরনের পরিবর্তন আনল এই ব্র্যান্ডটি। এই সিরিজের অধীনে তিনটি ভিন্ন মডেলের অডিও ডিভাইস বাজারে আনার ঘোষণা দেওয়া হয়েছে।

নিরবিচ্ছিন সংযোগ ও সাউন্ডবার সমন্বয়
নতুন কোভ সিরিজের স্পিকারগুলো 'জেবিএল ওয়ান' অ্যাপের সাহায্যে পুরো বাড়ির যেকোনো কক্ষের অন্য স্পিকারের সঙ্গে খুব সহজেই সংযুক্ত করা যাবে। ফলে কোনো ধরনের সংযোগ বিচ্ছিন্নতা বা নতুন করে সেটিংস পরিবর্তন করা ছাড়াই ঘরের প্রতি কোণায় নিরবচ্ছিন্নভাবে সংগীত উপভোগ করার সুবিধা পাবেন ব্যবহারকারীরা। 

এ ছাড়া সিনেমা দেখার অভিজ্ঞতাকে আরও জীবন্ত করতে এই স্পিকারগুলোকে 'জেবিএল বার মার্ক টু' সিরিজের সাউন্ডবারের রিয়ার বা পেছনের স্পিকার হিসেবে যুক্ত করা সম্ভব, যা ঘরেই আধুনিক থিয়েটার আবহ তৈরি করবে।

তিন ভিন্ন মডেলের প্রযুক্তি ও দাম
সিরিজের প্রথম মডেল 'কোভ এম১' দৈনন্দিন গান শোনার জন্য বিশেষভাবে তৈরি। তিনটি টুইটার ও একটি উফারের সমন্বয়ে গঠিত এই স্পিকারে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত সাউন্ড বুস্ট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যার মূল্য রাখা হয়েছে ২৩০ ডলার। 

দ্বিতীয় মডেলটি হলো 'কোভ পি১', যা একটি বহনযোগ্য ও ব্যাটারিচালিত স্পিকার। এতে ব্যবহৃত শক্তিশালী ব্যাটারি একবার চার্জে প্রায় ১৪ ঘণ্টা পর্যন্ত সচল থাকবে এবং এর ডলবি অ্যাটমস প্রযুক্তি চমৎকার সাউন্ড নিশ্চিত করবে। এই স্পিকারটির দাম নির্ধারণ করা হয়েছে ৪০০ ডলার।

সিরিজের সবচেয়ে শক্তিশালী ও ফ্ল্যাগশিপ মডেল হলো 'কোভ এক্স১'। চারটি টুইটার ও দুটি উফার সম্বলিত এই ডিভাইসটিতে ডলবি অ্যাটমস প্রযুক্তির সহায়তায় পুরো ঘরজুড়ে স্পষ্ট ও গভীর শব্দের অনুভূতি মিলবে। প্রিমিয়াম এই স্পিকারটির বাজারমূল্য রাখা হয়েছে ৪৫০ ডলার। 

কালো ও সাদা—এই দুটি চমৎকার রঙে কোভ সিরিজের স্পিকারগুলো আগামী ১৩ সেপ্টেম্বর থেকে বাজারে কেনার জন্য পাওয়া যাবে। প্রয়োজন অনুযায়ী একটি একটি করে স্পিকার কিনে পুরো বাড়ির অডিও ব্যবস্থা গড়ে তোলার এই স্বাধীনতাকে অডিওপ্রেমীদের জন্য এক নতুন উপহার হিসেবে দেখা হচ্ছে।

ডিবিটেক/বিএমটি     ।     সূত্র: এনগ্যাজেট