৭০০ কোটি ডাউনলোডের মাইলফলকে ভিএলসি
অনলাইন স্ট্রিমিং সেবাগুলোর চড়া সাবস্ক্রিপশন ফি ও ইন্টারনেটের নির্ভরতার যুগেও নিজেদের জনপ্রিয়তা ধরে রেখেছে বহুল পরিচিত ওপেন সোর্স মিডিয়া প্লেয়ার 'ভিএলসি'। অলাভজনক প্রতিষ্ঠান 'ভিডিওল্যান' পরিচালিত সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহারযোগ্য এই সফটওয়্যারটি বিশ্বজুড়ে সব প্ল্যাটফর্ম মিলিয়ে ৭০০ কোটি ডাউনলোডের এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে।
সম্প্রতি ভিডিওল্যানের প্রেসিডেন্ট ও প্রধান ডেভেলপার জ্যঁ-ব্যাপটিস্ট কেম্পফ এক ইমেইল বার্তায় এই অর্জনের কথা নিশ্চিত করেছেন। এর আগে ২০২৫ সালের জানুয়ারি মাসে অ্যাপটি ৬০০ কোটি ডাউনলোডের ঘর অতিক্রম করেছিল। অর্থাৎ মাত্র ১৮ মাসের ব্যবধানে আরও ১০০ কোটি বার ডাউনলোড করা হয়েছে অ্যাপ্লিকেশনটি।
নতুন প্ল্যাটফর্ম ও ভবিষ্যৎ পরিকল্পনা
ইমেইল বার্তায় কেম্পফ জানান, স্মার্ট টিভির জন্য অ্যামাজনের নতুন অপারেটিং সিস্টেম 'ভেগা ওএস'-এ সম্প্রতি ভিএলসি সফলভাবে যুক্ত করা হয়েছে। সব ধরনের অডিও-ভিডিও ফরম্যাট বা কোডেক এবং আধুনিক অপারেটিং সিস্টেমে নির্বিঘ্ন সেবা দিতে প্রকৌশলীরা নিয়মিত কাজ চালিয়ে যাচ্ছেন।
একই সঙ্গে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ব্যবহারকারীদের প্রতীক্ষিত 'ভিএলসি ৪' সংস্করণটি উন্মোচনের প্রস্তুতি চলছে। তবে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহারে মানসম্মত রূপ দিতে এতে কিছুটা বাড়তি সময় লাগছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে গত বছর ইন্টারনেট ছাড়াই ডিভাইসের নিজস্ব শক্তিতে চলবে এমন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত স্বয়ংক্রিয় অনুবাদ ও সাবটাইটেল ফিচার যুক্ত করার ঘোষণা দিয়েছিল ভিডিওল্যান।
অফলাইন বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে বিশ্বজুড়ে ভিএলসির এই অভাবনীয় অর্জন প্রযুক্তি খাতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
ডিবিটেক/বিএমটি । সূত্র: টেকক্রাঞ্চ





