১০ স্থায়ী কমিটির কোনোটিতেই সভাপতি পদে বিরোধী দল নেই

ডাক-টেলিযোগাযোগ কমিটির সভাপতি কলিম উদ্দিন

ডাক-টেলিযোগাযোগ কমিটির সভাপতি কলিম উদ্দিন
৩ সেপ্টেম্বর, ২০২৬ ০০:১৬  

ত্রয়োদশ জাতীয় সংসদে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদকে। তবে নতুন গঠিত ১০টি সংসদীয় স্থায়ী কমিটির কোনো কমিটির সভাপতির পদেই বিরোধী দলের কোনো সংসদ সদস্যকে রাখা হয়নি।

২ সেপ্টেম্বর, বুধবার জাতীয় সংসদ অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে কণ্ঠভোটে ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

সংসদ নেতার অনুমতিক্রমে তাঁর পক্ষে চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম পর্যায়ক্রমে কমিটিগুলো গঠনের প্রস্তাব উত্থাপন করেন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি

সুনামগঞ্জ-৫ আসনের কলিম উদ্দিন আহমেদকে সভাপতি করে গঠিত এই কমিটিতে সদস্য করা হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, মোহাম্মদ আবুল খায়ের ভূঁইয়া (লক্ষ্মীপুর-২), মোহাম্মদ তমিজউদ্দিন (ঢাকা-২০), মোহাম্মদ হারুনুর রশিদ (রাজবাড়ী-২), মোবাশ্বের আলম ভূঁইয়া (কুমিল্লা-১০), মনসুরা আক্তার (মহিলা আসন-২৬), মোহাম্মদ কেরামত আলী (চাঁপাইনবাবগঞ্জ-১), সাইফুদ্দিন আহমেদ হানজালা (মাদারীপুর-১) এবং ওবায়দুল্লাহ সালাফী (নীলফামারী-৩)।

এ ছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন ঢাকা-২ আসনের মোহাম্মদ আমানউল্লাহ আমান। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে টাঙ্গাইল-৭ আসনের আবুল কালাম আজাদ সিদ্দিকীকে।

কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন কুমিল্লা-২ আসনের মো. সেলিম ভূঁইয়া।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিমা রহমান। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম বকুলকে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন হবিগঞ্জ-৩ আসনের আলহাজ্ব জি কে গাউস।

বিরোধী দলের প্রতিনিধিত্ব নিয়ে ক্ষোভ

স্থায়ী কমিটির সভাপতি পদে বিরোধী দলের প্রতিনিধিত্ব না থাকায় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় উপনেতা আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

এর আগে সংসদে বিরোধী দলের নেতা শফিকুর রহমান সংসদীয় আসনের অনুপাতে স্থায়ী কমিটির সভাপতির পদে বিরোধী দলের প্রতিনিধিত্বের দাবি জানিয়েছিলেন।

বুধবার কমিটিগুলো গঠনের পর আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘সংসদে বিরোধী দলের সদস্যসংখ্যার অনুপাতে কমিটির সদস্যপদে ২৬% প্রতিনিধিত্বের বিষয়ে সরকারি দলের সঙ্গে সমঝোতা হলেও সভাপতির পদে বিরোধী দলকে কোনো প্রতিনিধিত্ব দেওয়া হয়নি।’

তাঁর বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘সংবিধান বা সংসদের কার্যপ্রণালি বিধিতে বিরোধী দলের সদস্যদের আসনের অনুপাতে স্থায়ী কমিটির সভাপতি করার কোনো বাধ্যবাধকতা নেই।’

তবে রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে কমিটিতে বিরোধী দলকে ২৬% বেশি সদস্যপদ দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
//ডিবিটেক/এসএমই/আইএমএসটি//