বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ে বদলি বিদায়ী মহাপরিচালক আক্কাস আলী

কারিগরি শিক্ষা অধিদফতরের নতুন ডিজি উবায়দুল হক

  • কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. উবায়দুল হককে কারিগরি শিক্ষা অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
    কারিগরি শিক্ষা অধিদফতরের নতুন ডিজি উবায়দুল হক
    ২ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৪৭  

    দেশের প্রকৌশল ও কারিগরি শিক্ষা ব্যবস্থাপনার শীর্ষ প্রতিষ্ঠান কারিগরি শিক্ষা অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব মো. উবায়দুল হক। বিজ্ঞান ও প্রযুক্তিগত দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্য নিয়ে পরিচালিত এই অধিদফতরে প্রশাসনিক গতিশীলতা আনতে এ রদবদল করেছে সরকার।

    ২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ আদেশে মো. উবায়দুল হকের চাকরি কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে ন্যস্ত করে অবিলম্বে তা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে তিনি কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

    অন্যদিকে কারিগরি শিক্ষা অধিদফতরের বর্তমান মহাপরিচালক অতিরিক্ত সচিব আবুল খায়ের মো. আক্কাস আলীকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। দেশের বিজ্ঞান গবেষণা, পরমাণু প্রযুক্তি এবং বৈজ্ঞানিক সক্ষমতা বৃদ্ধির নীতি প্রণয়নে তিনি ভূমিকা রাখবেন।

    প্রশাসনিক এই আদেশে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে রদবদল এনেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়াকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। পাশাপাশি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর আলমকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

    এ ছাড়া সরকারের একটি প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মুহাম্মদ আব্দুল হাই আল-মাহমুদকে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে প্রেষণে থাকা বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিয়ে তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। 
    //ডিবিটেক/জেএনও/ এসএমই//