আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তর পরিদর্শন করলেন ড. একেএম শামছুল ইসলাম

দুর্যোগে প্রযুক্তিনির্ভর আবহাওয়া পূর্বাভাসের আহ্বান

দুর্যোগে প্রযুক্তিনির্ভর আবহাওয়া পূর্বাভাসের আহ্বান
১৯ জুলাই, ২০২৬ ১৯:৫৯  

নির্ভুল ও সময়োপযোগী আবহাওয়া পূর্বাভাসের মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম। ১৯ জুলাই, রবিবার, ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান।

​পরিদর্শনকালে তিনি অধিদপ্তরের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং আবহাওয়া পর্যবেক্ষণ, পূর্বাভাস প্রস্তুত, ঘূর্ণিঝড় ও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা প্রদান এবং জরুরি আবহাওয়া তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার কার্যক্রম সম্পর্কে অবহিত হন।

আবহাওয়া অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে পূর্বাভাস তৈরির বিভিন্ন ধাপ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের পদ্ধতি সম্পর্কে ধারণা দেন। পরে প্রতিরক্ষা উপদেষ্টা আবহাওয়া অধিদপ্তরের বিভিন্ন বিভাগ— ঝড় সতর্কীকরণ কেন্দ্র, পূর্বাভাস, কৃষি আবহাওয়া, জলবায়ু, ভূমিকম্প পর্যবেক্ষণাগার, ওয়ার্কশপ ও গবেষণাগার পরিদর্শন করেন এবং দায়িত্ব পালনরত আবহাওয়াবিদ, প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

​ড. একেএম শামছুল ইসলাম বলেন, "নির্ভুল আবহাওয়া পূর্বাভাস শুধু একটি বৈজ্ঞানিক তথ্য নয়; এটি মানুষের জীবন রক্ষা, কৃষি উৎপাদন, নদী ও সমুদ্রপথে নিরাপদ চলাচল, খাদ্য নিরাপত্তা এবং দেশের অর্থনীতি সুরক্ষার গুরুত্বপূর্ণ ভিত্তি।" তিনি আরও বলেন, "জলবায়ু পরিবর্তনের কারণে ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি, বজ্রপাত, তাপপ্রবাহ ও আকস্মিক বন্যার ঝুঁকি বাড়ছে। এসব ঝুঁকি মোকাবিলায় আবহাওয়া অধিদপ্তরকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।"

পূর্বাভাসের মানোন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষ যেন সতর্কবার্তার ভাষা সহজে বুঝতে পারে, সে বিষয়েও তিনি কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

​প্রতিরক্ষা উপদেষ্টা আধুনিক আবহাওয়া পর্যবেক্ষণ ব্যবস্থা, ভূমিকম্প পর্যবেক্ষণ যন্ত্রপাতি এবং মোবাইলভিত্তিক সতর্কবার্তা সেবা সম্প্রসারণের সম্ভাবনা যাচাইয়ের নির্দেশনা দেন। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, গণমাধ্যম এবং টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠানের মধ্যে আরও শক্তিশালী সমন্বয় গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

তিনি দেশের মানুষের নিরাপত্তা ও কল্যাণে আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পরিদর্শন শেষে তিনি বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের আবহাওয়া সেবাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে প্রয়োজনীয় পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

​পরিদর্শনকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) চেয়ারম্যান, আবহাওয়া অধিদপ্তরের পরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

​//ডিবিটেক/এসআই/এমআই//