কম্প্লিফাই দিয়ে উদ্ভাবনে চ্যাম্পিয়ন রাইজআপ ল্যাবস

কম্প্লিফাই দিয়ে উদ্ভাবনে চ্যাম্পিয়ন রাইজআপ ল্যাবস
২২ অক্টোবর, ২০২৫ ১৪:৪৪  
২২ অক্টোবর, ২০২৫ ১৮:৪৭  

নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কাস্টমার এক্সপেরিয়েন্স অটোমেশন প্ল্যাটফর্ম কম্প্লিফাই-এর জন্য প্রথম বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ডসে চ্যাম্পিয়ন হয়েছে দেশীয় সফটওয়্যার ও মোবাইল অ্যাপ সামাধনকারী প্রতিষ্ঠান রাইজআপ ল্যাবস। বিজনেস ক্যাটাগরিতে প্রতিষ্ঠানটিকে এই সম্মাননা দেয়া হয়। 

ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে রাইজঅ্যাপ দলের হাতে সম্মাননা ক্রেস্ট ও প্রাইজ মানি তুলে দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী এসময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শীষ হায়দার চৌধুরী এবং বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীর সঙ্গে পুরস্কারদাতা সংগঠন বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক (বিআইআইএন) সভাপতি সৈয়দ আলমাস কবির উপস্থিত ছিলেন। 

পুরস্কার গ্রহণের পর রাইজআপ ল্যাবসের জেনারেল ম্যানেজার মশিউর রহমান বলেন, “এই অর্জন আমাদের দলের কঠোর পরিশ্রম ও উদ্ভাবনী মনোভাবের স্বীকৃতি। এটি শুধু আমাদের জন্য নয়, পুরো বাংলাদেশের প্রযুক্তি সম্প্রদায়ের জন্য এক অনুপ্রেরণা। আমরা ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনের মাধ্যমে দেশের ব্যবসায়িক যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনতে চাই।”

২২ অক্টোবর, বুধবার সম্প্রতি প্রাপ্ত এই সম্মাননার কথা জানিয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশীয় মঞ্চে চ্যাম্পিয়ন হওয়ার পর তাইওয়ানে অনুষ্ঠিতব্য এপিকটা অ্যাওয়ার্ডস ২০২৫-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে রাইজআপ ল্যাবস। এপিকটা অ্যাওয়ার্ডসে অংশগ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানটি বাংলাদেশের প্রযুক্তি উদ্ভাবনের সক্ষমতা ও সম্ভাবনা বিশ্বমঞ্চে তুলে ধরবে।