পারপ্লেক্সিটি এআই কিনতে পারে অ্যাপল
এআই প্রযুক্তিনির্ভর সার্চ ইঞ্জিন তৈরির লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান পারপ্লেক্সিটি এআই অধিগ্রহণের পরিকল্পনা করছে অ্যাপল। খবর এনগ্যাজেট।
ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপলের মার্জার ও অ্যাকুইজিশন প্রধান অ্যাড্রিয়ান পেরিকা ইতোমধ্যে এই সম্ভাবনা নিয়ে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন।
যদিও এখনো পারপ্লেক্সিটির সঙ্গে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব দেয়নি অ্যাপল, তবে প্রতিষ্ঠানটির সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিকল্প হিসেবে অ্যাপল পারপ্লেক্সিটির সঙ্গে যৌথভাবে কাজ করার সম্ভাবনাও বিবেচনা করছে।
এই অধিগ্রহণ বা অংশীদারিত্বের মূল লক্ষ্য হলো পারপ্লেক্সিটির এআই প্রযুক্তিকে সিরিতে সংযুক্ত করা এবং ভবিষ্যতে একটি স্বাধীন এআই সার্চ ইঞ্জিন গড়ে তোলা। গুগলের সঙ্গে অ্যাপলের বর্তমান চুক্তি যদি আইনগত কারণে বাতিল হয়, তবে পারপ্লেক্সিটি অধিগ্রহণ অ্যাপলের জন্য একটি বিকল্প ভিত্তি তৈরি করবে।
এদিকে, অ্যাপল ও মেটা দু’জনেই নতুন এআই ট্যালেন্ট নিয়োগে প্রতিযোগিতা করছে। সেফ সুপারইন্টেলিজেন্স ইনকর্পোরেশনের প্রতিষ্ঠাতা ড্যানিয়েল গ্রোসকে নিয়োগ দিতেও আগ্রহ দেখিয়েছে অ্যাপল।
ডিবিটেক/বিএমটি







