ভারতীয় এআই স্টার্টআপ ‘রিলো’ কিনলো অ্যাডোবি
মার্কিন বিশ্বখ্যাত সফটওয়্যার প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাডোবি ভারতের বাজার গবেষণা ও বিপণন প্রযুক্তি ভিত্তিক স্টার্টআপ ‘রিলো’ অধিগ্রহণ করেছে। এই চুক্তির অধীনে স্টার্টআপটির মেধা সম্পত্তি (আইপি) লাইসেন্সিংয়ের পাশাপাশি এর পুরো টিমকে নিজেদের অন্তর্ভুক্ত করে নিয়েছে অ্যাডোবি।
২০২৩ সালে ভিডিও প্ল্যাটফর্ম রিফ্রেজ.এআই কেনার পর ভারতে এটি অ্যাডোবির দ্বিতীয় কোনো অধিগ্রহণের ঘটনা। তবে চুক্তির আর্থিক পরিমাণের বিষয়ে উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
প্রযুক্তি ও কাজের পরিধি
মার্কেটিং বা বিপণন প্রক্রিয়ার জটিল কাজগুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে স্বয়ংক্রিয় করার প্রযুক্তি নিয়ে কাজ করে আসছিলো রিলো। এই প্রযুক্তির সাহায্যে প্রতিষ্ঠানগুলো বিভিন্ন এআই চালিত ক্যাম্পেইন তৈরি, ব্যবস্থাপনা ও ট্র্যাকিংয়ের পাশাপাশি চ্যাটজিপিটি, জেমিনি ও ক্লডের মতো জেনারেটিভ এআই প্ল্যাটফর্মে নিজেদের ব্র্যান্ডের দৃশ্যমানতা বজায় রাখতে পারে।
অধিগ্রহণের ফলে রিলোর ৬ সদস্যের কারিগরি দল অ্যাডোবির মূল দলের সাথে যুক্ত হবে। একই সাথে নিজস্ব সেবা হিসেবে রিলোর স্বায়ত্তশাসিত কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যাবে এবং প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবহারকারীরা আর এই টুলটি সরাসরি ব্যবহার করতে পারবেন না।
রিলোর উত্থান ও অর্থায়ন
২০২৫ সালে ভারতের বিখ্যাত আইআইটি দুই সহপাঠী জর্জি ববি এবং ধ্রুব জগলান যৌথভাবে রিলো প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যেই পিক ১৫, ডিইভিসি এবং ডে জিরো ভেঞ্চার্স-এর মতো শীর্ষস্থানীয় ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড থেকে ১০ মিলিয়ন ডলার মূল্যায়নে ১ মিলিয়ন ডলারের অর্থায়ন সংগ্রহ করে প্রতিষ্ঠানটি।
চালুর পর থেকে ১০ হাজারের বেশি ব্যবহারকারী রিলোর ওয়ার্কফ্লো সংক্রান্ত টুলগুলো ব্যবহার করেছেন।
বাজার প্রতিযোগিতা ও কৌশলগত প্রভাব
সাম্প্রতিক সময়ে ক্যানভা, গুগল, মেটা এবং অ্যামাজনের মতো প্রতিদ্বন্দ্বী প্রযুক্তি জায়ান্টগুলো তাদের নিজস্ব এআই বিপণন ব্যবস্থা জোরদার করছে। এর জবাবে নিজেদের মার্কেটিং ইকোসিস্টেম শক্তিশালী করতে অ্যাডোবি একের পর এক বড় পদক্ষেপ নিচ্ছে; যার মধ্যে গত বছর ১.৯ বিলিয়ন ডলারে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন প্ল্যাটফর্ম 'সেমর্যাশ' অধিগ্রহণ অন্যতম।
বিশ্লেষকদের মতে, রিলোর উদ্ভাবনী এআই কর্মপ্রবাহ অ্যাডোবির এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য ডিজিটাল অভিজ্ঞতা তৈরি ও বিপণন পরিচালনায় বড় ভূমিকা রাখবে।
ডিবিটেক/বিএমটি । সূত্র: টেকক্রাঞ্চ





