উবারে চাকরি হারাচ্ছেন ৩,৩০০ কর্মী

উবারে চাকরি হারাচ্ছেন ৩,৩০০ কর্মী
৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৪৪  

বিশ্বখ্যাত রাইডশেয়ারিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান উবার তাদের বিশ্বব্যাপী মোট জনবলের প্রায় ১০ শতাংশ বা ৩,৩০০ জন কর্মী ছাঁটাই করার ঘোষণা দিয়েছে। ব্যবস্থাপনা পর্ষদের অতিরিক্ত স্তর কমানো এবং রাইডশেয়ারিং, ডেলিভারি ও রোবটট্যাক্সি বিভাগে নতুন করে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যেই এই বড় ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। 

বুধবার কর্মীদের কাছে পাঠানো এক অভ্যন্তরীণ ইমেইলে এই সিদ্ধান্তের কথা জানান উবারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দারা খোসরোশাহি।

ব্যবস্থাপনা পুনর্গঠন ও কর্মী ছাঁটাইয়ের বিস্তার
ব্লুমবার্গের এক প্রতিবেদনে প্রথম প্রকাশিত হওয়া এই তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি তাদের সামগ্রিক প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করছে। এর ফলে ব্যবস্থাপক বা ম্যানেজারদের সংখ্যা প্রায় ২০ শতাংশ কমিয়ে আনা হবে এবং তাঁদের বেশ কিছুকে সরাসরি ব্যক্তিভিত্তিক কাজে স্থানান্তরিত করা হবে। 

এছাড়া মাত্র এক বা দুই সদস্য বিশিষ্ট ছোট টিমগুলোর সংখ্যা প্রায় ৫০ শতাংশ কমিয়ে আনা হচ্ছে। পাশাপাশি সিইও পর্যায় থেকে সাত স্তরের নিচে থাকা পদগুলোর ক্ষেত্রেও ছাঁটাইয়ের সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।

বিভাগ একত্রীকরণ ও রিমোট ওয়ার্ক বাতিল
এই পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে উবার তাদের ইঞ্জিনিয়ারিং, সায়েন্স এবং ডেলিভারি বিভাগকে একত্রিত করছে। একই সাথে রেস্তোরাঁ, রিটেইল ও ডিরেক্ট ডেলিভারি সেবাগুলোকে এক ছাতার নিচে নিয়ে আসা হচ্ছে। 

কর্মপদ্ধতিতেও আনা হচ্ছে কঠোর পরিবর্তন; হোম অফিস বা দূর থেকে কাজ করার সুযোগ প্রায় বন্ধ করে দিচ্ছে উবার। এখন থেকে মাত্র ১ শতাংশের কম কর্মী এই সুবিধার আওতায় থাকবেন।

উবার সিইও-এর বক্তব্য
কর্মীদের উদ্দেশ্যে পাঠানো ইমেইলে সিইও দারা খোসরোশাহি লিখেছেন, "আমরা নতুন নতুন সেবা চালু করেছি, ব্যবসার পরিধি বাড়িয়েছি এবং আগের চেয়ে অনেক বড় ও শক্তিশালী কোম্পানিতে পরিণত হয়েছি। তবে এই প্রসারের সাথে সাথে প্রতিষ্ঠানে জটিলতাও বেড়েছে- বাড়তি স্তর তৈরি হয়েছে এবং সমন্বয়ের ঝামেলা বেড়েছে। ছোট পরিসরে যে প্রশাসনিক অবকাঠামো উপযুক্ত ছিল, আজকের এই বৃহৎ পরিসরে তা আর আমাদের সঠিকভাবে সেবা দিতে পারছে না।"

ডিবিটেক/বিএমটি   ।   সূত্র: টেকক্রাঞ্চ