ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি ফল প্রকাশ
বিজ্ঞান ইউনিটে ৭৫ শতাংশ ও ব্যবসায় শিক্ষায় ৬৭ শতাংশ ফেল
- দুই ইউনিটে বিপুল পরীক্ষার্থী অকৃতকার্য
- মেধা তালিকায় সেরা সাইফুর ও সাদিয়া
রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে দেখা যায়, বিজ্ঞান ইউনিটে ৭৫ শতাংশ ও ব্যবসায় শিক্ষা ইউনিটে ৬৭ শতাংশ পরীক্ষার্থী ফেল করেছেন। বিশ্ববিদ্যালয়টিতে বিজ্ঞান ইউনিটে মোট ৪ হাজার ৭৯৫টি এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে এক হাজার ৯৯৭টি আসন রয়েছে।
এই দুই ইউনিটের ভর্তি পরীক্ষা গত ১৭ জুলাই, শুক্রবার অনুষ্ঠিত হয়েছিল। এদিন বেলা ১১টায় বিজ্ঞান ইউনিট এবং বিকেল ৩টায় ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা নেওয়া হয়। পরবর্তীতে ১৮ জুলাই, শনিবার রাতে এই ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
প্রকাশিত ফলাফলের তথ্যানুযায়ী, বিজ্ঞান ইউনিটে প্রথম হয়েছেন সাইফুর রহমান। দ্বিতীয় হয়েছেন মোছা. রোকেয়া খাতুন মারুফা, তৃতীয় সালমান রহমান মুন, চতুর্থ শারমিন আহমেদ এবং পঞ্চম স্থানে রয়েছেন ফারজানা ইয়াসমিন। অন্যদিকে ব্যবসায় শিক্ষা ইউনিটে সেরা হয়েছেন সাদিয়া ইসলাম মুন। দ্বিতীয় হয়েছেন জান্নাতুল ফেরদৌস উর্মি, তৃতীয় সাদিয়া আক্তার, চতুর্থ সঞ্চিতা এবং পঞ্চম স্থানে রয়েছেন মো. আদনান রহমান। তবে তারা কে, কত নম্বর পেয়েছেন সেটি জানা যায়নি।
ফল বিশ্লেষণে দেখা যায়, বিজ্ঞান ইউনিটে ২৪ হাজার ৩০৪ জন পরীক্ষার্থী ছিলেন। তার মধ্যে পাস করেছেন ৬ হাজার ১৩ জন এবং ফেল করেছেন ১৮ হাজার ২৯০ জন। এছাড়া একজনের পরীক্ষা বাতিল করা হয়েছে এবং অনুপস্থিত ছিলেন চার হাজার ৭৩১ জন। বিজ্ঞান ইউনিটে ফেলের হার ৭৫ দশমিক ২৬ শতাংশ। অন্যদিকে ব্যবসায় শিক্ষা ইউনিটে মোট ৯ হাজার ৭১৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ২০৮ জন পাস করেছেন এবং ছয় হাজার ৫০৭ জন ফেল করেছেন। আর ৮২৬ জন পরীক্ষায় অনুপস্থিত ছিলেন এবং এক জনের পরীক্ষা বাতিল করা হয়েছে। ব্যবসায় শিক্ষা ইউনিটে ফেলের হার প্রায় ৬৬ দশমিক ৯৭ শতাংশ।
//ডিবিটেক/ জেএনও/এসএমই//





