উইন্ডোজ সার্চ বক্সকে আরও কার্যকর করছে মাইক্রোসফট

উইন্ডোজ সার্চ বক্সকে আরও কার্যকর করছে মাইক্রোসফট
১৪ জুলাই, ২০২৬ ১৬:৫৬  

উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের ‘সার্চ বক্স’-এ একগুচ্ছ নতুন পরিবর্তনের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। ছোট ছোট এই পরিবর্তনগুলো সব মিলিয়ে ব্যবহারকারীদের সার্চ করার অভিজ্ঞতাকে আরও সহজ ও উন্নত করে তুলবে। ‘উইন্ডোজ ইনসাইডার’ প্রোগ্রামের সদস্যরা আজ থেকেই পরীক্ষামূলকভাবে এই পরিবর্তনগুলো দেখতে পাবেন।

নতুন এই আপডেটের ফলে উইন্ডোজ সার্চ বক্সের ইউজার এক্সপোর্টের পুরো ডিজাইনটি আরও গোছানো বা স্ট্রিমলাইনড হবে। এর হোম স্ক্রিন থেকে অতিরিক্ত ভিজ্যুয়াল ক্ল্যাটার (অপ্রয়োজনীয় উপাদান) কমিয়ে ফেলা হয়েছে, যার ফলে ব্যবহারকারীরা খুব সহজেই তাদের সাম্প্রতিক সার্চগুলো দেখতে পাবেন। এছাড়া সার্চের ফলাফল প্রদর্শনের জায়গাটি এখন আরও পরিষ্কার দেখাবে; এর ভেতরের স্পেসিং বা ফাঁকা জায়গা বাড়ানোর ফলে প্রতিটি ফলাফলের সাথে প্রয়োজনীয় অতিরিক্ত তথ্য বা মেটাডেটা দেখানোর সুবিধা যুক্ত হয়েছে।

এখন থেকে ব্যবহারকারীরা চাইলে লোকাল বা কম্পিউটারের ভেতরের ফলাফলের পাশাপাশি ওয়েব এবং মাইক্রোসফট স্টোরের ফলাফল দেখতে চান কি না, তা টগল বা অন-অফ করতে পারবেন। সবচেয়ে বড় স্বস্তির বিষয় হলো- ওয়েব সার্চের ক্ষেত্রে ফলাফলের একদম ওপরের দিকে কোনো স্পনসরড কনটেন্ট, বিজ্ঞাপন বা প্রমোশনাল পণ্য আর দেখানো হবে না। এই উন্নত সার্চ ব্যবস্থা কম্পিউটারের ফাইল এবং অ্যাপস খুঁজে পাওয়ার কাজটিকে আরও নিখুঁত করবে।

দীর্ঘদিন ধরে জোরপূর্বক ‘কোপাইলট’ এআই ফিচারটি চালুর পেছনে বড় অংকের বিনিয়োগ ও ব্যর্থ চেষ্টার পর, মাইক্রোসফট এখন আবারও উইন্ডোজ ১১-এর মূল পারফরম্যান্স এবং ব্যবহারকারীদের দৈনন্দিন অভিজ্ঞতা উন্নত করার দিকে মনোযোগ দিচ্ছে। এরই অংশ হিসেবে সম্প্রতি স্টার্ট মেনুর আকার পরিবর্তন করার সুবিধার মতো ছোট আপডেট এবং ত্রুটিপূর্ণ ড্রাইভার রোলব্যাক (পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া) করার মতো গুরুত্বপূর্ণ কিছু সিস্টেম যুক্ত করা হয়েছে।

ডিবিটেক/বিএমটি    ।   সূত্র: এনগ্যাজেট